নজরবন্দি ব্যুরোঃ খুনের চেষ্টা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার আগের বারবার আক্রমণের চিত্র সে কথাই বলছে বলে মনে করছে ত্রিপুরার তৃণমূল কংগ্রেস সংগঠন। খুনের উদ্দেশ্যেই বারবার হামলা চালান হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওপর,
আরও পড়ুনঃ এক ধাক্কায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস বঙ্গে!


এই মর্মে ত্রিপুরার ডিজিপিকে তৃণমূলের তরফে চিঠি দিয়েছেন ওই রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রকাশচন্দ্র দাস। চিঠিতে তিনি লিখেছেন, “রাস্তার দু’ধারে বিজেপির পতাকা নিয়ে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল। তাদের হাতে ছিল লাঠি এবং রড। যেভাবে তারা অভিষেক এবং তাঁর সঙ্গী অজিতকুমার পালের গাড়িতে হামলা চালিয়েছিল তাতে স্পষ্ট, খুনের উদ্দেশ্য ছিল তাদের।”
একই দিনে ১৩ বার হামলা-বিক্ষোভ, ত্রিপুরা তৃণমূল বলছে খুনের চেষ্টা অভিষেককে!
ত্রিপুরায় গিয়েই কার্যত দফায় দফায় আক্রমণের মুখে পড়েছিলেন তিনি। একদিকে অভিষেকের আগমনে উন্মাদনা ছিল ত্রিপুরার তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে, তার মাঝেই ত্রিপুরেশ্বরী মন্দির যাওয়ার আগে দফায় দফায় আটক হয় তাঁর গাড়ি। গাড়ির ওপর চলে হামলা। ত্রিপুরেশ্বরী মন্দিরের যাত্রাপথে অন্তত ১৩ বার হামলা ও বিক্ষোভ দেখানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

সেই ভিডিও নিজের ট্যুইটার হ্যান্ডেলে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। লিখেছিলেন ত্রিপুরার গণতন্ত্রে হতবাক তিনি। উল্টো জবাবে বাংলার বিজেপি নেতারা বলেছিলেন বাংলা থেকে তৃণমূল কর্মীরা গিয়েই ঘটিয়েছে এই ঘটনা। হামলার ঘটনায় ইতিমধ্যেই পুলিশের কাছে এফআইআর দায়ের করেছে বিপ্লব দেবের রাজ্যের তৃণমূল কংগ্রেস কর্মীরা। তার পরেই খুনের উদ্দেশে হামলা জানিয়ে তৃণমূলের হয়ে ডিজিপিকে চিঠি দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।









