নজরবন্দি ব্যুরোঃ আবারও জঙ্গি হামলায় রক্ত ঝরল জম্মু-কাশ্মীরে। আর দিন দুই বাদেই জম্মুতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর সফরের দু’দিন আগে আজ শুক্রবার ভোরে জম্মুর সেনা ছাউনির কাছে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে হল গুলির লড়াই। প্রাথমিক ভাবে গুলির লড়াইয়ে এক জন সিআইএসএফ কর্মী নিহত এবং চার জন আহত হয়েছেন বলেও সেনা সূত্রে খবর। সেনা সূত্রের খবর, এই সঙ্ঘাতে সেনাবাহিনীর গুলিতে মারা গিয়েছে দু’জন জঙ্গি।
আরও পড়ুনঃ প্রথা ভেঙে লালকেল্লায় ভাষণ মোদির, মানলেন না শিখ গুরু তেগ বাহাদুরের জন্মবার্ষিকী


২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপের পর আগামী রবিবার জম্মুতে প্রথমবার প্রকাশ্য জনসভা করার কথা মোদির। উপত্যকার হাজার হাজার পঞ্চায়েত সদস্য এবং গ্রামসভার সদস্য ওই বৈঠকে উপস্থিত থাকবেন। তার ঠিক আগে আগে এই সংঘর্ষ প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। আসলে প্রধানমন্ত্রীর সফরের আগে জম্মু (Jammu) শহরের নিরাপত্তা এমনিতেই আঁটসাঁট করা হচ্ছিল। মোদির নিরাপত্তা খতিয়ে দেখতে গিয়েই নিরাপত্তারক্ষীরা আন্দাজ পান যে জঙ্গিরা প্রধানমন্ত্রীর সফর চলাকালীন জম্মুতে বড়সড় নাশকতার ছক কষছে।

জঙ্গিরা জম্মুতে হামলার ছক কষছিল বলে আগেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। পাশাপাশি, পুলিশ সুনজবা এলাকায় অন্তত দুই জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়েছিল। সেই মতো সেনা সদস্যরা জম্মু শহরের সুনজবা ক্যান্টনমেন্ট এলাকায় একটি তল্লাশি অভিযান শুরু করার পরই লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়।
তল্লাশি অভিযান শুরু করার পরই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়। জঙ্গিদের গুলির আঘাতে সিআইএসএফ-এর এক সহকারি সাব ইনস্পেক্টর নিহত হয়েছেন। পাশাপাশি জঙ্গি হানায় আহত হন চার সিআইএসএফ কর্মী। সকাল সাড়ে ৮টা পর্যন্ত সেনা-জঙ্গিদের এই সংঘর্ষ চলছে বলেও জানা গিয়েছে।


জম্মুর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল মুকেশ সিংহের বক্তব্য, ‘জঙ্গিদের লুকিয়ে থাকার এবং হামলার ছক কষার তথ্য পেয়ে আমরা বৃহস্পতিবার রাতে ওই এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করি। জঙ্গি হানার ফলে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হন এবং আরও চার জন আহত হয়েছেন। এখনও গুলির লড়াই চলছে।’
এর আগে ২০১৮ সালেও জঙ্গিরা সুনজবা ক্যান্টনমেন্ট হামলা চালিয়েছিল। সেই হামলায় বেশ কিছু সেনা নিহত হন।
মোদীর সফরের মুখে জম্মুতে জঙ্গি হামলা, নিহত ২ জঙ্গি-সহ তিন

প্রসঙ্গত, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম কাশ্মীর সফর। এই সফরে মোদীর পাল্লি গ্রামে পঞ্চায়েত সদস্যদের নিয়ে এক বড় জনসভায় বক্তৃতা দেওয়ারও কথা রয়েছে। কিন্তু তাঁর সফরের আগে কড়া নিরাপত্তার ঘেরাটোপ থাকা সত্ত্বেও হামলা চালাল জঙ্গিরা।







