১ এপ্রিল থেকে এটিএমে বড় বদল! টাকা তোলায় কড়াকড়ি, বাড়ছে চার্জ—জানুন নতুন নিয়ম

১ এপ্রিল থেকে এটিএমে নতুন নিয়ম: ইউপিআই ক্যাশ তোলাও ফ্রি লিমিটে, বাড়ছে চার্জ, কমছে দৈনিক তোলার সীমা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন অর্থবর্ষ শুরু মানেই নতুন নিয়ম—আর এ বার সরাসরি প্রভাব পড়তে চলেছে আপনার পকেটে। ১ এপ্রিল থেকে দেশের একাধিক ব্যাঙ্ক এটিএম লেনদেনের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। নগদ টাকা তোলা, ইউপিআইয়ের মাধ্যমে ক্যাশ উইথড্রয়াল—সব ক্ষেত্রেই আসছে নতুন বিধি ও বাড়তি চার্জ। ডিজিটাল লেনদেন বাড়ানোর লক্ষ্যেই এই কড়াকড়ি বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

সবচেয়ে বড় পরিবর্তন আনছে HDFC Bank। এতদিন ইউপিআইয়ের মাধ্যমে এটিএম থেকে টাকা তোলা আলাদা ক্যাটাগরিতে পড়ত। কিন্তু ১ এপ্রিল থেকে তা আর আলাদা থাকবে না। এবার থেকে ইউপিআই-ভিত্তিক ক্যাশ তোলাও মাসিক ফ্রি ট্রানজাকশনের নির্দিষ্ট সীমার মধ্যেই গণনা করা হবে।

বর্তমানে নিজের ব্যাঙ্কের এটিএমে মাসে ৫টি এবং অন্য ব্যাঙ্কের এটিএমে ৩টি (নন-মেট্রো শহরে ৫টি) ফ্রি ট্রানজাকশন পাওয়া যায়। এই সীমা ছাড়ালেই প্রতি লেনদেনে দিতে হবে ২৩ টাকা, যা আগে ছিল ২১ টাকা। অর্থাৎ সীমা পেরোলেই বাড়তি খরচ নিশ্চিত।

অন্যদিকে Punjab National Bank-ও কড়াকড়ি বাড়াচ্ছে। বেশ কিছু ডেবিট কার্ডে দৈনিক নগদ তোলার সীমা কমিয়ে আনা হচ্ছে। আগে যেখানে ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা যেত, এখন তা কমে দাঁড়াবে ৫০,০০০ থেকে ৭৫,০০০ টাকার মধ্যে। নিরাপত্তা ঝুঁকি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে ডিজিটাল ব্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগোচ্ছে Jio Payments Bank। তারা আনছে কিউআর কোড-ভিত্তিক নগদ তোলার সুবিধা। অর্থাৎ এটিএম কার্ড ছাড়াই, শুধু ইউপিআই কিউআর স্ক্যান করে মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা তোলা যাবে। বিশেষ করে যেখানে এটিএম পরিষেবা সীমিত, সেখানে এই ব্যবস্থা কার্যকর হতে পারে।

ব্যাঙ্কিং বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের মূল লক্ষ্য দু’টি—নগদ লেনদেন কমানো এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও জনপ্রিয় করা। তবে গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ হল—নিজের ট্রানজাকশন লিমিট সম্পর্কে সচেতন থাকা। তা না হলে অজান্তেই বাড়তি চার্জ গুনতে হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত