আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৬ মাস জেল খাটার পর শুক্রবার তিনি মুক্তি পেয়েছেন। সুপ্রিম কোর্টের জামিনে মুক্তি পাবার পরেই আম আদমি পার্টির প্রধান ঘোষণা করেন, তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। সঙ্গে এ-ও জানান, পুনরায় ভোটে না জেতা পর্যন্ত তিনি আর মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফিরবেন না। যদিও শীর্ষ আদালতও বলেছিল, মুক্তি পেলেও কেজরি কোনও ফাইলে সই করতে পারবেন না এবং নিজের দফতরেও যেতে পারবেন না।
অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা ঘোষণার পর থেকেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়। একটি পরিষদীয় দলের বৈঠকের ডাক দেয় আম আদমি পার্টি। সূত্রের খবর, এই বৈঠক থেকে স্থির করা হয়েছে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন অতিশী মারলেনা। অরবিন্দ কেজরিওয়ালই অতশীকে বেছে নিয়েছেন। এই প্রসঙ্গে একটা কথা বলা যায়, এতদিন পর্যন্ত দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসাবে অতিশী এবার দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
অতিশী ছাড়াও কেজরিওয়ালের উত্তরাধিকার হিসাবে মোট পাঁচজন আপ নেতার নাম উঠে এসেছিল। তাঁরা প্রত্যেকেই বিধায়ক। এদের মধ্যে একজন অবশ্যই অতিশী। বাকি চারজন হলেন সৌরভ ভরদ্বাজ, কৈলাস গহলৌত, গোপাল রায় এবং ইমরান হুসেন। এছাড়াও কেজরিওয়ালের স্ত্রী সুনীতা সুনিতার নামও উঠে এসেছিল। তবে সকলকে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে পেছনে ফেলে দিয়ে এগিয়ে গেলেন অতিশী।
জানা গিয়েছে, আজ মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দেবেন অরবিন্দ কেজরিওয়াল। এরপরই অতিশীর শপথ নেওয়ার তোড়জোড় শুরু হবে। কিন্তু এখনও পর্যন্ত আপ সূত্রে এই শপথ গ্রহণের নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
অতিশী এতদিন দিল্লির শিক্ষা ও গণপূর্ত দপ্তরের দায়িত্বে ছিলেন। তিনি পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। প্রসঙ্গত, আর একজন আপ মন্ত্রী সিসোনিয়া গ্রেপ্তার হওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালের স্নেহভাজন হয়ে ওঠেন অতিশী। এরপর কেজরিওয়াল গ্রেপ্তার হলে তিনি দলকে নিয়মিতভাবে সামলে গিয়েছেন। বলা যেতে পারে, সেই দায়িত্বশীল কাজের পুরস্কার হিসাবেই মুখ্যমন্ত্রী পদ পেতে চলেছেন ৪৩ বছর বয়সী কালকাজির এই বিধায়ক।



