এশিয়া কাপে ভারতের প্রথম একাদশে কারা? অনুশীলনে ইঙ্গিত দিলেন কোচ গম্ভীর

দুবাইয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ভারতের সম্ভাব্য একাদশ প্রায় স্পষ্ট, ওপেন করবেন অভিষেক-শুভমন, আক্রমণাত্মক ক্রিকেটের মেজাজে সূর্যরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এশিয়া কাপ ২০২৫ শুরুর আর মাত্র কিছুদিন বাকি। ভারতের প্রথম একাদশ (India First XI Asia Cup 2025) নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনের সময় কোচ গৌতম গম্ভীর যেভাবে দলের ব্যাটিং-বোলিং সাজিয়েছেন, তাতে সম্ভাব্য লাইনআপের একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।

অভিষেক শর্মা ও শুভমন গিলকে ওপেন করতে দেখা গেছে। অনুশীলনে দুজনেই আগ্রাসী ব্যাটিংয়ের দৃষ্টান্ত রাখেন। অভিষেকের ছক্কার বৃষ্টি এবং শুভমনের বড় শট মারার প্রবণতা দেখিয়ে দিচ্ছে, ভারতীয় দল এশিয়া কাপে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে প্রস্তুত।

এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন তিলক বর্মা। চারে সূর্যকুমার যাদব এবং পাঁচ নম্বরে ছিলেন রিঙ্কু সিংহ। এই টপ-অর্ডার থেকে বোঝা যাচ্ছে, ভারত মিডল অর্ডারে শক্তিশালী ফিনিশিং লাইনআপ গড়তে চাইছে।

হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে যথারীতি অলরাউন্ডারের ভূমিকায় ব্যাটিং অনুশীলন করেছেন। তবে দুজনকেই একসঙ্গে খেলানো হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বোলিং বিভাগে ইতিমধ্যেই বুমরাহ, অর্শদীপ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের মতো চার বিশেষজ্ঞ বোলারকে ঘিরে পরিকল্পনা সাজানো হচ্ছে।

সঞ্জু স্যামসনের ব্যাটিং অনুশীলন নিয়ে আলাদা কৌতূহল তৈরি হয়েছে। শুরুতে তিনি নেটে ব্যাট না করে কোচ সীতাংশু কোটাকের সঙ্গে ব্যক্তিগত নকিং করেন। পরে যখন নেটে নামেন, সোজা বড় শট মারতে শুরু করেন। এটি ইঙ্গিত করছে, হয়তো তাঁকে ফিনিশারের ভূমিকায় নামানোর পরিকল্পনা রয়েছে।

ফিল্ডিংয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে। রিঙ্কু সিংকে আলাদা করে ফিল্ডিং ড্রিলে ঝালাই করিয়েছেন ফিল্ডিং কোচ টি দিলীপ। যদি তাঁকে পরিকল্পনায় না রাখা হতো, তবে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল না। এর ফলে তাঁর খেলার সম্ভাবনা অনেকটাই বেড়েছে।

বোলিং আক্রমণে স্পষ্টভাবে এগিয়ে আছেন জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংহ। দুজনেই দীর্ঘ সময় ধরে নেটে বল করেছেন। অন্যদিকে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবকে ব্যবহার করে স্পিন বিভাগকে মজবুত করার ইঙ্গিত দিয়েছেন কোচ গম্ভীর।

সব মিলিয়ে দেখা যাচ্ছে, ভারতের সম্ভাব্য প্রথম একাদশে জায়গা পেতে পারেন অভিষেক শর্মা, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, সঞ্জু স্যামসন (অথবা শিবম দুবে), জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। আয়োজক ভারত হলেও সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। ১০ সেপ্টেম্বর প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে আয়োজক দেশের বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ১৯ সেপ্টেম্বর গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওমান। এই ব্যাটিং ও বোলিং সংমিশ্রণই কি হতে চলেছে ভারতের ট্রাম্প কার্ড? সেটাই এখন কৌতূহলের বিষয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর