‘ন্যূনতম বেতন ১৫ হাজার করতেই হবে’, স্বাস্থ্যভবন অভিযান আশাকর্মীদের, ভাঙল পুলিশের ব্যারিকেড

ন্যূনতম বেতন ১৫ হাজার টাকার দাবিতে স্বাস্থ্যভবন অভিযানে উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে গেটের সামনে পৌঁছলেন আশাকর্মীরা, অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ন্যূনতম বেতন ১৫ হাজার টাকার দাবিতে বুধবার সল্টলেকের স্বাস্থ্যভবন কার্যত রণক্ষেত্রে পরিণত হল। রাজ্য জুড়ে হাজার হাজার আশাকর্মীর ডাকা স্বাস্থ্যভবন অভিযানে পুলিশি বাধা, ব্যারিকেড ভাঙা ও ধস্তাধস্তিতে উত্তেজনা চরমে ওঠে। দাবি মানা না হলে স্বাস্থ্যভবনের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে বুধবার স্বাস্থ্যভবন ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছিলেন আশাকর্মীরা। সেই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সল্টলেকের গোটা এলাকা। স্বাস্থ্যভবনের চারপাশে বসানো হয় একাধিক ব্যারিকেড, মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। কিন্তু মিছিল স্বাস্থ্যভবনের দিকে এগোতেই পুলিশ তা আটকে দেয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। উত্তেজিত আশাকর্মীরা একের পর এক ব্যারিকেড ভেঙে সামনে এগোতে থাকেন।

পুলিশের সঙ্গে আশাকর্মীদের ধস্তাধস্তি শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আন্দোলনকারীরা ব্যারিকেড টপকে পৌঁছে যান স্বাস্থ্যভবনের মূল গেটের সামনে। নিরাপত্তার কথা ভেবে স্বাস্থ্য দপ্তরের গেট বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ আধিকারিকদের।

আশাকর্মীদের দাবি, রাজ্যে তাঁদের সংখ্যা প্রায় তিন হাজার। দীর্ঘদিন ধরেই তাঁরা ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন। যদিও রাজ্য সরকারের তরফে কয়েক দফায় ভাতা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু তাতে সন্তুষ্ট নন আশাকর্মীরা। তাঁদের অভিযোগ, বর্তমান ভাতা দিয়ে নিত্যদিনের খরচ চালানো অসম্ভব। কাজের পরিমাণ বেড়েছে, কিন্তু তার তুলনায় আর্থিক স্বীকৃতি মেলেনি।

বুধবারের কর্মসূচিতে আশাকর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি মানা না হলে তাঁরা স্বাস্থ্যভবনের গেটের বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। পরিস্থিতি যাতে আরও অবনতি না হয়, সে জন্য প্রশাসনের তরফে নজরদারি আরও বাড়ানো হয়েছে। তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধান হবে কি না, সে দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত