নজরবন্দি ব্যুরোঃ গত বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে শক্তি হারাতে শুরু করে গেরুয়া শিবির। দলে বাড়তে থাকে বেসুরোদের সংখ্যা। সময়ের সাথে সাথে দল ছাড়তেও দেখা যায় বহু বিক্ষুব্ধ নেতা-নেত্রীদের। এবার ফের দলবদল অর্জুন সিংয়ের গড়ে।
আরও পড়ুনঃ রাজ্যপালের টুইট ঘিরে ধুমধুমার রাজ্য রাজনীতিতে, সন্দেহ বিধানসভা ভেঙে দেবার


বিজেপি ছাড়লেন সাংসদের ভাইপো, ভগ্নিপতি ও ভাগ্নে। কয়েকদিন ধরেই তার ভগ্নিপতি তথা নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল দলের অন্দরে। রাজ্যের তরফ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হলেও তা ফিরিয়ে দেন সুনীল বাবু। যা নিয়ে দেখা দেয় একাধিক প্রশ্ন। আসন্ন পুরোভোটে গারুলিয়া থেকে বিজেপির টিকিট দেওয়া হলেও আজ প্রার্থীপদ প্রত্যাহার করতেই পরিষ্কার হয়ে যায় সমস্ত কিছু।
শুধু সুনীল সিংই নয়, একই পথে হাঁটতে দেখা যায় তার ছেলে আদিত্য ও অর্জুনের ভাইপো সৌরভ কে। আসন্ন পুরভোটে ভাটপাড়া থেকে বিজেপির টিকিট পেলেও শেষ মুহূর্তে নিজের প্রার্থীপদ বাতিল করেন সৌরভ। তবে হটাৎ কেন দল ছাড়লেন তিনজন ? সূত্র অনুযায়ী খবর, নিজেদের সম্মান বাঁচানোর তাগিদেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকে। তাহলে কি এবার ঘাসফুলে যোগ দেবেন তারা ? যদিও সেই নিয়ে এখনও কারোর প্রতিক্রিয়া মেলেনি।
ফের দলবদল, ঘাসফুলে যোগদানের সম্ভাবনা অর্জুন ঘনিষ্ঠদের

তবে জানা গিয়েছে, আজ উত্তর ২৪ পরগনার তৃণমূল কোঅর্ডিনেটর জ্যোতিপ্রিয় মল্লিক ও দমদমের সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিকের সঙ্গে বিশেষ আলোচনা হয়েছে এই তিন বিজেপি বিদায়ীর। যা থেকে আগামী দিনে ঘাসফুলে যোগদানের ইঙ্গিতই পাচ্ছেন অনেকে। তবে আদৌ পদ্ম ছেড়ে ঘাসফুলে আসেন কিনা এই তিন বেসুরো এখন সেদিকেই নজর সকলের।










