টেক দুনিয়ায় বড় ঝড় তুলতে চলেছে অ্যাপ্ল। চলতি বছরে একসঙ্গে ২০-২৫টি নতুন ডিভাইস বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রযুক্তি সংস্থা। ল্যাপটপ, আইফোন, স্মার্ট হোম ডিভাইস থেকে শুরু করে ৪-কে টিভি— একাধিক নতুন প্রোডাক্ট ক্যাটেগরিতে প্রবেশ করতে চলেছে কোম্পানি। চার ধাপে এই লঞ্চ পরিকল্পনা সাজিয়েছে অ্যাপ্ল, যা ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছে।
বছরের শুরুতেই নতুন ম্যাকবুক সিরিজ় বাজারে আনছে সংস্থাটি। তালিকায় রয়েছে ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো, ম্যাকবুক এম-৫, এম-৫ প্রো এবং এম-৫ প্রো ম্যাক্স ভ্যারিয়েন্ট। পাশাপাশি আসছে আইফোন-১৭ই— আগের মডেলকে ঘিরে সমালোচনার পর নতুন সংস্করণ দিয়ে বাজারে শক্তিশালী প্রত্যাবর্তনের পরিকল্পনা অ্যাপ্লের।


প্রথম ধাপেই আরও কয়েকটি জনপ্রিয় ডিভাইস আপগ্রেডেড ভার্সনে আসবে। এর মধ্যে রয়েছে এয়ারট্যাগ ২, হোমপড মিনি (সেকেন্ড জেনারেশন) এবং নতুন আইপ্যাড সিরিজ়। গ্রাহকেরা আইপ্যাড এয়ার (এফ-৪) এবং ১২তম প্রজন্মের আইপ্যাড কিনতে পারবেন, যেখানে থাকবে উন্নত বায়োনিক এ৯ চিপ।
অ্যাপ্ল এবার স্মার্ট হোম ইকোসিস্টেমেও বড় বাজি ধরছে। ৪-কে ডিসপ্লে যুক্ত টিভি এবং নতুন ‘অ্যাপ্ল হোম হাব’ লঞ্চের পরিকল্পনা রয়েছে। বছরের মাঝামাঝি সময়ে এম-৫ ম্যাক্স চিপসহ ম্যাক স্টুডিয়ো বাজারে আসবে, যার সঙ্গে নতুন প্রজন্মের অ্যাপ্ল ডিসপ্লেও দেখা যেতে পারে। একই সময়ে হাই-এন্ড হোম হাবও বাজারে আনা হবে।
তৃতীয় পর্যায়ে, অর্থাৎ সেপ্টেম্বর-অক্টোবরের লঞ্চ ইভেন্টেই থাকবে সবচেয়ে বড় চমক। আইফোন-১৮ প্রো এবং আইফোন-১৮ প্রো ম্যাক্স বাজারে এলেও সাধারণ আইফোন-১৮ মডেল তখন লঞ্চ করা হবে না। তার বদলে প্রথমবারের মতো ফোল্ডিং আইফোন উন্মোচনের পরিকল্পনা করেছে অ্যাপ্ল— যা স্মার্টফোন বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে।


এই সময়েই আসতে পারে অ্যাপ্ল ওয়াচ সিরিজ়-১২ এবং ওলেড ডিসপ্লে যুক্ত আইপ্যাড মিনি। বছরের শেষদিকে লঞ্চ হবে এম-৬ চিপ চালিত ওলেড ম্যাকবুক প্রো। পাশাপাশি স্মার্ট সিকিউরিটি ক্যামেরা বাজারে এনে স্মার্ট হোম সেগমেন্ট আরও শক্তিশালী করার লক্ষ্য সংস্থার।
বিশ্লেষকদের মতে, এত বড় পরিসরে এক বছরে ডিভাইস লঞ্চ অ্যাপ্লের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে হার্ডওয়্যার, এআই এবং স্মার্ট হোম প্রযুক্তিকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা স্পষ্ট।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



