১ জুন থেকে ‘অন্নপূর্ণা যোজনা’: মাসে ৩ হাজার টাকা পাবেন কারা? আবেদন পদ্ধতি ও শর্ত জানাল অর্থ দফতর

১ জুন থেকে শুরু হচ্ছে ‘অন্নপূর্ণা যোজনা’। যোগ্য মহিলাদের মাসে ৩ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। থাকছে বয়সসীমা, আবেদন ও যাচাইয়ের নির্দিষ্ট নিয়ম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের মহিলাদের জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা। আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে ‘অন্নপূর্ণা যোজনা’, যার মাধ্যমে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি ৩ হাজার টাকা পাঠানো হবে। ইতিমধ্যেই প্রকল্পের কাঠামো, আবেদন পদ্ধতি ও যোগ্যতার শর্ত নিয়ে বিস্তারিত জানানো হয়েছে সরকারি স্তরে।

সরকারি বিবৃতি অনুযায়ী, এই প্রকল্প নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের অধীনে কার্যকর হবে। বর্তমানে যাঁরা ‘লক্ষ্মীর ভান্ডার’-এর সুবিধাভোগী, তাঁদের আলাদা করে আবেদন করতে হবে না— তাঁদের তথ্য সরাসরি নতুন প্রকল্পে স্থানান্তর করা হবে এবং নির্ধারিত অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

অন্যদিকে, যাঁরা আগে ‘লক্ষ্মীর ভান্ডার’-এ অন্তর্ভুক্ত ছিলেন না, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ জুন থেকে খোলা হওয়া নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে।

আবেদন জমা পড়ার পর শুরু হবে প্রশাসনিক যাচাই। গ্রামীণ এলাকায় বিডিও দফতর, শহরে মহকুমাশাসকের দফতর এবং কলকাতা পুরসভা এলাকায় সংশ্লিষ্ট পুর কর্তৃপক্ষ আবেদন যাচাই করবে। অনুমোদিত আবেদন পোর্টালে আপলোড হওয়ার পর তদন্ত সম্পূর্ণ হলে তবেই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না?
স্থায়ী কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী, রাজ্য অনুমোদিত শিক্ষক ও অশিক্ষক কর্মী, পঞ্চায়েত কর্মী এবং আয়করদাতারা এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। পাশাপাশি ২০২৬ সালের এসআইআর তালিকা অনুযায়ী মৃত, অনুপস্থিত বা নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে আপত্তি থাকা আবেদনকারীদের ক্ষেত্রেও ট্রাইবুনালের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুবিধা বন্ধ থাকবে।

রাজ্যের মহিলা-কেন্দ্রিক আর্থিক সহায়তা প্রকল্পের ক্ষেত্রে এটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। আগে ‘লক্ষ্মীর ভান্ডার’ ধাপে ধাপে আর্থিক সহায়তা বাড়ালেও এবার মাসিক ৩ হাজার টাকার প্রতিশ্রুতিকে সামনে রেখে নতুন পরিকল্পনা কার্যকর করার পথে প্রশাসন।

এখন নজর ১ জুনের দিকে— পোর্টাল চালু হওয়ার পর কত দ্রুত আবেদন প্রক্রিয়া এগোয় এবং কতজন মহিলা এই প্রকল্পের আওতায় আসেন, সেটাই হবে আগামী দিনের বড় প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News
-Advertisement-

এই ধরনের আরও খবর

সদ্য প্রকাশিত