দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে, যাঁর নেতৃত্বে অরবিন্দ কেজরিওয়াল প্রথম রাজনৈতিক পদক্ষেপ নিয়েছিলেন, এবার কেজরিওয়ালের দল – আম আদমি পার্টি (AAP) সম্পর্কে তীব্র মন্তব্য করেছেন। ২০১১ সালে আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলন শুরুর পর কেজরিওয়াল তাঁর রাজনৈতিক জীবনের পথচলা শুরু করেছিলেন। বিগত এক দশকে দিল্লিতে সফলতা পেলেও, ২০২৫ সালের নির্বাচনের আগে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।
কেজরিওয়ালের মদের ইস্যু নিয়ে আন্নার মন্তব্য


আন্না হাজারে সাংবাদিকদের কাছে জানালেন, “আমি আগেই বলেছিলাম, নির্বাচনে লড়াই করতে হলে কঠোরভাবে বিচারকেও মেনে চলতে হবে, নীতি অনুযায়ী চলতে হবে। জীবন হতে হবে নিষ্কলঙ্ক এবং ত্যাগের ভাব থাকতে হবে। যখন এর সব কিছু থাকে, তখনই ভোটাররা বিশ্বাস করে। কিন্তু তাঁরা মদের ইস্যু উত্থাপন করেছিল। মদের কথা কেন এল? কারণ টাকা, ধন-দৌলত… তাতেই ভেসে গেলেন তাঁরা।” আন্নার এই মন্তব্যে তাঁর দল AAP-এর ভবিষ্যত নিয়ে একটি উদ্বেগের সুর বেঁধে গেছে।
বিজেপি এবং কংগ্রেসের পরিস্থিতি
বর্তমানে দিল্লির নির্বাচনে বিজেপি ৪৬টি আসনে এগিয়ে আছে, যা ম্যাজিক ফিগারের থেকে ১০টি আসন বেশি। আম আদমি পার্টি ২৪টি আসনে এগিয়ে থাকলেও, কংগ্রেস এখনও শূন্য আসনে রয়েছে। বিশেষ করে, আম আদমি পার্টির হেভিওয়েট নেতা অতিশী, সৌরভ ভারদ্বাজ, এবং সত্যেন্দ্র জৈন নিজেদের আসনে পিছিয়ে আছেন। এমন পরিস্থিতিতে অরবিন্দ কেজরিওয়াল নিজেও নয়াদিল্লি আসন থেকে পিছিয়ে আছেন।


২০২৫ সালের নির্বাচন: বিজেপির সম্ভাবনা এবং AAP-এর চ্যালেঞ্জ
২০১৩ সালের নির্বাচনে কেজরিওয়াল নিজেই শীলা দীক্ষিতকে হারিয়ে নয়াদিল্লি আসনটি জয় করেছিলেন, কিন্তু এবারে সেই আসনে তাঁর বিপর্যয় হতে পারে বলে শোনা যাচ্ছে। কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি ২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনে বড় জয় পায়, কিন্তু ২০২৫ সালের নির্বাচনে বিজেপি ফের একবার দিল্লির ক্ষমতা দখল করতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।







