ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে আইপিএল থেকে আন্দ্রে রাসেলের অবসর। দীর্ঘ ১২ বছরের ঝড় তোলা ক্যারিয়ারের ইতি টানলেও, সম্পর্ক ছিন্ন করছেন না কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। বরং নতুন পরিচয়ে, নতুন দায়িত্বে ফিরছেন তিনি। আইপিএলে আর দেখা যাবে না ‘দ্রে-রাস’ ঝড়, তবে কেকেআরের ডাগআউটে তাকে দেখা যাবে পাওয়ার কোচ হিসাবে—এমনটাই ঘোষণা করলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
রবিবার সোশ্যাল মিডিয়ায় রাসেল জানিয়ে দেন, আইপিএলে আর খেলবেন না। লেখেন, “আইপিএলে আর খেলব না। ১২ বছরে অনেক স্মৃতি তৈরি হয়েছে। কেকেআর পরিবার থেকে সবসময় অসীম ভালোবাসা পেয়েছি।” তার এই ঘোষণা আইপিএল ভক্তদের মিশ্র অনুভূতিতে ভরিয়ে দিয়েছে। মাঠে তার বিস্ফোরক শট, দ্রুত রান তোলা এবং ম্যাচ পাল্টে দেওয়ার ক্ষমতা আইপিএলের ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে।
আইপিএল থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল, কেকেআরে নতুন ভূমিকায় ফিরছেন
তবে অবসরের ঘোষণার সঙ্গে সঙ্গেই আরেকটি সুখবর দেন তিনি—আইপিএল থেকে অবসর নিলেও কেকেআরেই ফিরছেন। নাইট ব্যবস্থাপনা তাকে আগামী মরশুমে সাপোর্ট স্টাফ হিসেবে নিয়োগ করেছে। পাওয়ার হিটিংয়ে তার অভিজ্ঞতা দলের তরুণ ক্রিকেটারদের কাছে অমূল্য হবে বলে মনে করা হচ্ছে। রাসেলের কথায়, “সবচেয়ে ভালো ব্যাপার, আমি আমার পরিবার ছাড়ছি না। কেকেআরেই নতুন ভূমিকায় দেখা যাবে আমাকে, পাওয়ার কোচ হিসাবে।”
এই মরশুমে কেকেআরের রিটেনশন তালিকায় তার নাম না থাকায় অনেকেই অবাক হয়েছিলেন। কারণ, রাসেল বহু বছর ধরে কেকেআরের সুখ-দুঃখের সঙ্গী। তার ব্যাটিং ঝড় বহু ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরের সাফল্যে রয়েছে রাসেলের গুরুত্বপূর্ণ অবদান। তাই মাঠে আর রাসেলের অলরাউন্ডার দাপট দেখা না গেলেও, তার উপস্থিতি ডাগআউটে বড় শক্তি যোগাবে নাইটদের।

গত বছর রাসেলের ফর্ম ছিল অনিয়মিত। ১২ কোটি টাকায় তাকে দলে নিলেও কেকেআর বোঝে ফেলেছিল, এবার তার খেলোয়াড়ি ভূমিকার চেয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দলের জন্য বেশি প্রয়োজন। ১৩ ম্যাচে রাসেল করেছিলেন মাত্র ১৬৭ রান, সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ৫৭। ইনজুরিও তার পারফরম্যান্সে বড় বাধা হয়। বল হাতে কিছুটা কার্যকর হলেও, নিজের সেরা রূপে দেখা যায়নি তাকে।
আইপিএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত তাই যৌক্তিকই মনে করছে ক্রিকেট মহল। নাইট ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পরই তিনি কোচিং স্টাফে যোগ দিতে রাজি হন। তার পাওয়ার হিটিং দক্ষতা এবং অভিজ্ঞতা তরুণ ব্যাটারদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।
৩৭ বছর বয়সে রাসেল এ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন। ভক্তদের আশা ছিল, আইপিএলে অন্তত আরও কয়েক বছর দেখা যাবে তাকে। কিন্তু তিনি জানিয়ে দিলেন, খেলোয়াড় হিসেবে আর ফিরছেন না। তবে তার নতুন ভূমিকায় আবারও তাকে দেখা যাবে কেকেকেআরের জার্সি নিয়ে, যা ভক্তদের হতাশা কিছুটা কমিয়েছে।
আইপিএল থেকে অবসর নিলেও আন্দ্রে রাসেল কেকেআরের হৃদয়ে এবং কলকাতার ক্রিকেট সংস্কৃতিতে চিরকাল ‘দ্রে-রাস’ হয়েই থেকে যাবেন।







