আনন্দপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে চাকরির ঘোষণা, সিঙ্গুরের মঞ্চ থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে সিভিক ভলান্টিয়ারের চাকরি ও ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে শুধু ক্ষতিপূরণ নয়, স্থায়ী আয়ের ব্যবস্থার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুর-এর সভামঞ্চ থেকে তিনি জানালেন, দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হবে। এই ঘোষণার মাধ্যমে শোকস্তব্ধ পরিবারগুলির পাশে থাকার বার্তাই দিল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, “বেসরকারি সংস্থায় কাজ করতে গিয়ে কয়েকজন বন্ধু মারা গিয়েছেন। আমি ববি আর অরূপকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। পুলিশকে বলেছি, মৃতদের পরিবারের সদস্যদের সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার ব্যবস্থা করতে।” এর আগেই রাজ্য সরকার প্রত্যেক মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, দেহ বা দেহাংশ শনাক্ত হলেই পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে। তবে শনাক্তকরণে কিছুটা সময় লাগছে ডিএনএ পরীক্ষার কারণে। নিয়ম অনুযায়ী ডিএনএ পরীক্ষা করতে আদালতের অনুমতি প্রয়োজন। সেই অনুমতির জন্য বুধবার আদালতে আবেদন জানানো হয়েছে। অনুমতি মিললেই নমুনা পরীক্ষার প্রক্রিয়া শুরু হবে বলে পুলিশ সূত্রে খবর।

এদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে গাফিলতি বা নিরাপত্তাজনিত ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি ঘটে রবিবার ভোর রাতে। স্থানীয় বাসিন্দারা জানান, রাত প্রায় ৩টে নাগাদ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল ও পুলিশকে খবর দেন তাঁরা। প্রথমে দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ৪টি ইঞ্জিন যোগ দেয়। প্রায় দেড় দিনের চেষ্টায়, মোট ১৬টি ইঞ্জিনের তৎপরতায় মঙ্গলবার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে

সরকারি হিসেবে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে পুলিশের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার নাজিরাবাদের ওই দুইটি পোড়া গুদাম থেকে ৮ জনের দেহাংশ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধারকাজ ও শনাক্তকরণ প্রক্রিয়া এখনও চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন