লোকসভা নির্বাচনের আগে রাষ্ট্রীয় অধিবেশন সম্পন্ন হল বিজেপির। শনি ও রবিবার দু’দিন ধরে দিল্লিতে আয়োজিত হল এই অধিবেশন। শেষ দিন বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ অবশ্য শনিবারই ভাষণ রাখেন। রাজনাথ সিংহের পর এবার অমিত শাহের মুখে শোনা গেল সন্দেশখালি (Sandeshkhali Issue) প্রসঙ্গ।
আরও পড়ুন: আগামী ১০০ দিন কেন গুরুত্বপূর্ণ? বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে জানিয়ে দিলেন মোদী
সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্য সরকারের তীব্র নিন্দা করেছিলেন রাজনাথ সিংহ। বিজেপির প্রস্তাবনাতেও উল্লেখ করা হয়েছে এই বিষয়টি। সেখানে বলা হয়েছে, সন্দেশখালির ঘটনা শুধু বাংলারই নয়, গোটা মানবজাতির লজ্জা। রবিবার অমিত শাহও (Amit Shah) বললেন সন্দেশখালি (Sandeshkhali Issue) প্রসঙ্গে। তাঁর মতে, বাংলার আইনশৃঙ্খলা একেবারে তলানিতে। এরই মধ্যে আগামী ২৮ তারিখ বঙ্গসফরে আসছেন শাহ। তিনি কি সন্দেশখালি যাবেন তা নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলে।

অন্যদিকে, এদিন বিরোধীদের আক্রমণ করে অমিত শাহ (Amit Shah) বলেন, “দুর্নীতির জনক হল কংগ্রেস। কংগ্রেস আমলেই ভারত অর্থনীতিতে দ্বিতীয় স্থান থেকে পঞ্চমে নেমে গিয়েছে।” সঙ্গে তিনি যোগ করেন, আম আদমি পার্টি ও তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথাও। সরাসরি বলেন, “বাংলায় এক নেতার বাড়ি থেকে ৫৫ কোটি টাকা উদ্ধার হয়েছে।” বিরোধীদের প্রসঙ্গ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শাহের মুখে সন্দেশখালি প্রসঙ্গ, এবার কড়া পদেক্ষেপ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী?
বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, “গত ১০ বছরে অনেক কাজ আমরা করেছি। আমিই প্রথম প্রধানমন্ত্রী যিনি লাল কেল্লা থেকে শৌচালয়ের বিষয়টি তুলেছিলাম। মহিলাদের প্রতি অবমাননাকর শব্দ ব্যবহারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছি। আমরা দেশকে মেগা কেলেঙ্কারি, সন্ত্রাসী হামলা থেকে মুক্ত করেছি; দরিদ্র, মধ্যবিত্তদের জীবনযাত্রার মান উন্নত করার প্রচেষ্টা করেছি। আমরা ২০২৯ এবং ২০৩৬ সালে ভারতে যথাক্রমে যুব অলিম্পিক এবং অলিম্পিক আয়োজন করার পরিকল্পনা করছি। ২০৩০ সালের মধ্যে রেলওয়ে কার্বন নিঃসরণ শূন্য করার লক্ষ্য নিয়েছি।”




