নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে একাধিক ঘটনার তদন্তভার বর্তেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ওপর। এরই মধ্যে রাজ্য সফরে আসছেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে বঙ্গ সফরের আগে প্রস্তুতি অমিতের। শোনা যাচ্ছে, সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া সমস্ত ঘটনাবলী খতিয়ে দেখছেন তিনি।
আরও পড়ুনঃ মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ, চোপড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
সূত্রের খবর, আমতার ছাত্রনেতা আনিস খানের খুন থেকে শুরু করে সম্প্রতি হাঁসখালির ঘটনার রিপোর্ট রাজ্যের কাছে তলব করেছেন তিনি। খতিয়ে দেখা হচ্ছে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু এবং তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের খুনের বিশয়টি। বাদ যায়নি বগটুইয়ের নৃশংস ঘটনার কথাও।

ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছ থেকে সমস্ত কিছু তথ্য তলব করা হয়েছে। নিয়ম অনুযায়ী রাজ্য সফরের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারেও সেই কাজ রুটিনমাফিক তথ্য তলব করা হয়েছে। কিন্তু কয়েক মাস ধরে রাজ্যে যে সমস্ত ঘটনাবলী ঘটেছে তা উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। অনুপম দত্ত এবং আনিস খানের হত্যাকাণ্ডের তদন্ত সিবিআই করছে না। তবুও বিশেষ গুরুত্ব দিয়েও এই ঘটনাকে দেখতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, ২১ এর বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার বঙ্গ সফরে দেখা গিয়েছিল অমিত শাহকে। কিন্তু ক্ষমতা থেকে অনেক দূরে বিজেপির রথ আটকে যাওয়ার পর থেকে আর বঙ্গ সফরে দেখা যায়নি অমিত শাহ। সেই ঘটনার পর একাধিকবার অমিত শাহের আসার কথা হলেও পরে তা পিছিয়ে যায়। এবার ৪ মে বঙ্গ সফরে উপস্থিত হবেন তিনি।
বঙ্গ সফরের আগে প্রস্তুতি অমিতের, রাজ্যের আইনশৃঙ্খলা খতিয়ে দেখছেন

শোনা যাচ্ছে উত্তরবঙ্গে একটি সরকারী অনুষ্ঠানে যোগদান করবেন। পরের দিন উপস্থিত হবেন কলকাতায়। এখানে বিজেপি নেতাদের সঙ্গে সারবেন বিশেষ বৈঠক।



