বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেট্রাপোলের যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মন্ত্রী। সেখানে থেকে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন অমিত শাহ। বলেছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ রুখে দেবেন তাঁরা। এদিন অমিত শাহ বলেন, “গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে অনেক কাজ করেছেন। বাংলার মানুষের কিছু খেদ আছে।
কিন্তু চিন্তা নেই, ২০২৬ সালের নির্বাচনের পর সেই খেদ মিটিয়ে দেবে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের স্থলবন্দর কর্তৃপক্ষ মোদীর নেতৃত্বে খুব ভাল কাজ করছে। গোটা এলাকার উন্নয়ন হচ্ছে। আমাকে শান্তনু ঠাকুর জানালেন, বাংলাদেশ সীমান্ত থেকে পাঁচ-ছ’হাজার মানুষ প্রতি দিন কল্যাণী এমসে চিকিৎসার জন্য আসেন। ২০২৬ সালে আপনারা পরিবর্তন এনে দিন রাজ্যে। বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেব।
উন্নয়নই মোদী সরকারের একমাত্র লক্ষ্য”। এছারাও তিনি বলেন, “ইউপিএ সরকার কেন্দ্রে থাকাকালীন ১০ বছরে বাংলায় কেবল ২ লক্ষ ৯ হাজর কোটি টাকা দিয়েছিল। আর বিজেপি ২০১৪ থেকে ২০২৪ এ- ৭ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা দেওয়ার কাজ চলছে। কিন্তু প্রধানমন্ত্রী যে টাকা পাঠায় তা দুর্নীতির বলি হয়ে যায়। তবে আমি বলছি আপনাদের আচ্ছে দিন শুরু হবে”।
অনুপ্রবেশ নিয়ে বলতে গিয়ে শাহ বলেন, “অনুপ্রবেশ বন্ধ হলে তবেই পার্টনারশিপ বাড়বে। বাংলাদেশ-ভারত, নেপাল-ভারত, মায়ানমার-ভারত, এই দেশগুলি সীমান্তে থাকায় এদের সকলের ভাষা-সংস্কৃতীর আদান-প্রদান হবে। যার মাধ্যমে নতুন যুগের সূচনা হবে”।
এর পরেই তিনি আরোগ্য প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে জানান, “২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীজী বিভিন্ন ক্ষেত্রে নতুন-নতুন সূচনা করেছেন। আরোগ্য প্রকল্পে প্রত্যেকে পাঁচ লক্ষ টাকা করে পান। তবে বাংলার লোকজন হয়ত এই প্রকল্পের সুবিধা কম পেয়ে থাকেন। তবে চিন্তা করবেন না, ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে আপনারাও এই প্রকল্পের সুবিধা পাবেন”।
সব শেষে তিনি তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, নরেন্দ্র মোদির সরকার যেভাবে পশ্চিমবঙ্গ কে অর্থনৈতিকভাবে সাহায্য করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কে বলব আপনি তখন কি করছিলেন যখন ইউপিএ সরকার রাজ্যকে কোনও অর্থনৈতিক সুবিধা দিচ্ছিল না? একদিন এই বাংলা সোনার বাংলা হবে। এই বাংলা শস্য শ্যামলা হবে। আমরা সোনার বাংলার সরকার করব। ২০২৬ সাল বাংলার মানুষের জন্য সোনার বাংলা নিয়ে আসবে।



