বৃষ্টি না তবে তীব্র গরম? ফাইনালের দিন আমেদাবাদের আবহাওয়া কী বলছে

ভারত-নিউজিল্যান্ড টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে নজর আবহাওয়ায়। বৃষ্টির সম্ভাবনা নেই, তবে তীব্র গরম ও শিশির ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-২০ বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখ এই হাইভোল্টেজ ম্যাচের দিকে। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়—আমেদাবাদের আবহাওয়া। বৃষ্টির কারণে কি ভেস্তে যেতে পারে বিশ্বকাপের এই মহারণ? আবহাওয়ার পূর্বাভাস অবশ্য সেই আশঙ্কা অনেকটাই দূর করছে।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টির কারণে প্রভাবিত হয়েছে। ফলে ফাইনালের দিন আবহাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ম্যাচ চলাকালীন আমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

বরং বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে তীব্র গরম। আবহাওয়া সংস্থা AccuWeather-এর পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ছ’টা নাগাদ তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩০ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এর পাশাপাশি ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিশেষ করে পাওয়ারপ্লের সময় এই হাওয়া বোলারদের কিছুটা বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

তবে ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে শিশির। সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে শিশির পড়ার সম্ভাবনা যথেষ্ট। এর ফলে দ্বিতীয় ইনিংসে বোলারদের জন্য বলের গ্রিপ ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে।

এই পরিস্থিতিতে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। অনেক দলই এমন অবস্থায় প্রথমে বোলিং করতে চাইতে পারে, যাতে শিশিরের প্রভাব থেকে সুবিধা নেওয়া যায়। সব মিলিয়ে, আবহাওয়া ও মাঠের পরিস্থিতি ভারতের বিশ্বকাপ ফাইনালকে আরও কৌশলগত লড়াইয়ে পরিণত করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন