মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর বাজেট ঘোষণার পর থেকেই অসাম্যের অভিযোগে সরব বিরোধী জোট ‘ইন্ডিয়া’। আজ, বুধবার সংসদে বিক্ষোভ জানাচ্ছেন তাঁরা। বাজেটে বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল সাংসদেরা। এদিকে, আসানসোলের বিজেপি বিধায়ক, অগ্নিমিত্রা পাল সাফ বললেন, কেন্দ্র বাংলাকে বঞ্চিত করে ঠিক করেছে!
আজ সংসদ চত্বরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বাজেটের বিরোধিতায় সরব হতে দেখা গেল কংগ্রেসের রাহুল গান্ধী, সনিয়া গান্ধী থেকে শুরু করে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন প্রমুখদের। ‘ইন্ডিয়া’ জোটের মতে, এই বাজেট কুর্সি বাঁচাও বাজেট! উল্লেখ্য, বাজেটের বিরোধিতায় আগামী ২৭ জুলাই নীতি আয়োগের বৈঠকও বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে ‘দিশাহীন, গরীব বিরোধী এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ বলে অভিহিত করেছেন।

কেন্দ্র বাংলাকে বঞ্চিত করে ঠিক করেছে, সাফ কথা অগ্নিমিত্রার
সেক্ষেত্রে অগ্নিমিত্রা পালের বক্তব্য, “কেন বাংলাকে আর্থিক প্যাকেজ দেবে কেন্দ্র? তৃণমূল নেতাদের সাহায্য করার জন্য? তৃণমূল সরকার কেন্দ্রের থেকে পাওয়া অর্থের অপব্যবহার করছে। কেন্দ্র টাকার হিসাবে চাইলে তা সঠিকভাবে দিচ্ছে না। এটা কি সাংবিধানিক? তৃণমূল সরকার দুর্নীতিতে জর্জরিত।”
অন্যদিকে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট ঘোষণার দিনেই বলেন, “এই বাজেট ব্যর্থ বাজেট। দিন কয়েক আগেই বাংলার বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেছিলেন, এই বাজেট তো সেই ফর্মুলা মেনেই করা হয়েছে। বিহার অন্ধ্রপ্রদেশকে দিক, আমাদের আপত্তি নেই। কিন্তু, অন্যদের বঞ্চিত করে কেন? বাংলাকে বঞ্চিত করা তো নতুন কোনও ঘটনা নয়। বাংলার মানুষ আবার এর জবাব দেবে।” বাজেট অধিবেশনে আজ লোকসভায় বক্তব্য রাখবেন অভিষেক।



