নজরবন্দি ব্যুরোঃ ২১ জুলাই নিয়ে চুড়ান্ত ব্যস্ততা তৃণমূলের অন্দরে। এরই মধ্যে গোপন ডেরা থেকে ফের হুঁশিয়ারি দিলেন কামতাপুর লিবারাইজেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান জীবন সিং। তাঁর দাবি, কেএলও –এর সদস্য কৈলাশকে গোপন ডেরায় বন্দি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি তাঁর ওপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। তাঁর মুক্তির দাবিতে সরব হলেন জীবন সিং।
আরও পড়ুনঃ ফের বিষ মদে প্রাণ গেল ৬ জনের, গুরুতর অসুস্থ অনেক, এবার হাওড়ায়
ভিডিও বার্তায় জীবন সিং জানিয়েছেন, চলতি বছরেই কেএলওর সদস্য কৈলাশ কোচকে বাংলাদেশ থেকে গ্রেফতার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। তখন থেকেই তাঁকে গোপন ডেরায় আটকে রেখে তাঁর ওপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে। এমনটাও অভিযোগ তুলেছেন তিনি।

পাশাপাশি জীবন সিং বলেন, গত ১০ জুলাই কৈলাশ কোচের স্ত্রী ও দুই সন্তানকেও আটক করা হয়। তাঁদের ওপরেও অকথ্য অত্যাচার চালানো হয়েছে। কৈলাশকে গ্রেফতারের পরেও কেন আদালতে পেশ করা হল না? প্রশ্ন জীবনের। এতে সংবিধানকে মানা হচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন তিনি।
মুখ্যমন্ত্রী যা করছেন, তা ঠিক করছেন না, হুমকি জীবনের

সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী যা করছেন, তা ঠিক করছেন না। মঙ্গলবারই জীবন সিংহের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। অবিলম্বে কৈলাশকে মুক্তি না দিলে কামতাপুর থেকে কোনও নেতা ব্যবসায়ীকে ফিরতে দেওয়া হবে না। হুঁশিয়ারি জীবন সিংয়ের।
এর আগে অবশ্য একাধিকবার এধরনের হুঁশিয়ারি ভিডিও দিয়েছেন জীবন সিং। আলাদা উত্তরবঙ্গের দাবিতে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তখন থেকেই তাঁকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। এরই মধ্যে ফের গোপন ডেরা থেকে হুমকি এল।







