নজরবন্দি ব্যুরোঃ বাংলা ভাষার পৃষ্ঠপোষক মুখ্যমন্ত্রী! সুর নরম অধীরের।২১’এর জোট বার্তা? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সুর নরম করলেন অধীর চৌধুরী। কেন্দ্রের নয়া শিক্ষানীতির বিরোধিতা করেছে রাজ্যের বিজেপি বিরোধী শক্তি বাম-কংগ্রেস-তৃণমূল সবাই। এবার মুখ্যমন্ত্রীকে বাংলা ভাষার একজন পৃষ্ঠপোষক হিসেবে বর্ণণা করে অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় কে অনুরোধ করেলন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে বাংলা ভাষাকে বাদ দেওয়া নিয়ে জোরালো প্রতিবাদ জানাতে। যদিও প্রসঙ্গ বহির্ভূত কিন্তু অধীর চৌধুরীর মুখ্যমন্ত্রীকে সম্বোধনের ভাষা উস্কে দিল ২০২১ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে তৃণমূলের জোট বার্তা কে। বামেদের সাথে জোট না হলে বিজেপি ঠেকাতে কংগ্রেস তৃণমূলের পাশে থাকবে সেই কানাঘুষো আগেই ছিল। এবার তা আরও জোরাল হল।
আরও পড়ুনঃ রাজ্যে কমল সুস্থতার হার বাড়ল সংক্রমণের গতি! রেকর্ড টেস্ট আজ।


বাংলা ভাষার পৃষ্ঠপোষক মুখ্যমন্ত্রী। এদিন অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীকে এক চিঠিতে লিখেছেন, “পশ্চিম বাংলার বর্তমান মাননীয়া মুখ্যমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব ও কর্তব্য বাংলা ভাষা, বাংলার মানুষের মুখের ভাষা মনের ভাষা, সেই ভাষা কে জাতীয় স্তরে উন্নীত করতে রাজ্য সরকারের তরফ থেকে যথোচিত ব্যবস্থা নেওয়া। আপনি অবশ্যই জানেন, নতুন শিক্ষানীতি তে যে ধ্রুপদী ভাষার উল্লেখ আছে , যে সকল ভাষার সাহিত্য স্কুলে পড়ানোর সুপারিশ করেছে কেন্দ্রীয় মন্ত্রক, সেখানে আমার আপনার ভাষা এ দেশের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষার উল্লেখ নেই।
যেখানে আরও অনেক রাজ্যের ভাষা স্থান পেলেও বাংলা ভাষা অন্তর্ভুক্ত নয়। আমি জানি আপনি বাংলা ভাষার একজন পৃষ্ঠপোষক, আপনি নিজেও বাংলায় অনেক বই লিখেছেন, আশা রাখি, আপনি নিশ্চই উপরিউক্ত বিষয় টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে জোরালো প্রতিবাদ জানাবেন। আপনি জানেন বাংলা ভাষা হাজার বছরেরও বেশি প্রাচীন, ভাষার সাথে জড়িয়ে ঐতিহ্যবাহী সংস্কৃতি, এই বঙ্গভূমিই ভারতের নব জাগরণের উৎসস্থল, এই বাংলার মনীষী ও তাঁদের লেখনী নিয়ে আপনাকে আর নতুন করে কিছু বলার নেই। বাংলা ভাষা সেই ধ্রুপদীর তালিকায় অন্তর্ভুক্ত হলে বাংলার সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে অন্যান্য রাজ্যের ছাত্র ছাত্রীরাও অবগত হবে, সম্মৃদ্ধ হবে।

এ শুধু আবেগ নয়, ন্যায্য সম্মানের লড়াই, অন্য ধ্রুপদী ভাষার পাশে বাংলা কেও যোগ্য সম্মান দেওয়ার লড়াই।আপনি বাংলার মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষা সংস্থা আপনার অধীন, আপনার কাছে আমার আবেদন বিষয়টি বিবেচনা করে বাংলার রাজ্য সরকারের সকল শিক্ষা সংস্থা ও বিদ্বজ্জন মণ্ডলী কে কাজে লাগিয়ে ও বাংলার সর্বদলীয় সম্মতিক্রমে বিষয় টি সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকে উপস্থাপন করুন, মাতৃসম বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে সচেষ্ট হোন, বাংলা ভাষার প্রাপ্য সম্মান অর্জনে আমিও সর্বন্তকরণে আপনার সাথে আছি।”









