চলে গেলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, টলিপাড়ায় শোকের ছায়া

দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টলিউড অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। ভেন্টিলেশনে থাকার পর সোমবার সকালে মৃত্যু হয় তাঁর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টলিউড হারাল আরও এক প্রিয় মুখ। প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন অসুস্থতার পর হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ টলিপাড়া।

পরিবার সূত্রে জানা গেছে, ১৫ অগস্ট জয় বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৭ অগস্ট তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সোমবার সকালে তাঁর জীবনাবসান ঘটে। শেষ সময়ে তাঁর পাশে ছিলেন দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা। হাসপাতাল সূত্রে খবর, নিয়ম অনুযায়ী মৃত্যুর চার ঘণ্টা পরে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। আপাতত হাসপাতালেই রাখা হয়েছে প্রয়াত অভিনেতার মরদেহ।

অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক জীবনও ছিল জয়ের। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ২০২১ সালে প্রকাশ্যে ঘোষণা করেন যে তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না। রাজনৈতিক অধ্যায় একসময় তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এলেও দর্শকের কাছে জয় বন্দ্যোপাধ্যায় চিরকালই একজন অভিনেতা হিসেবেই থেকে যাবেন।

টলিউডে তাঁর জুটি ছিল বিশেষভাবে জনপ্রিয়। চুমকি চৌধুরীর সঙ্গে জুটিতে অভিনয় করে জয় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। সুখেন দাস ও অঞ্জন চৌধুরীর পরিচালনায় তাঁর একাধিক ছবি আজও দর্শকের মনে জায়গা করে নিয়েছে। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’-সহ বহু ছবির নায়ক ছিলেন তিনি। বিশেষ করে ‘চপার’ ছবিতে তাঁর অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল।

জয়ের মৃত্যুতে সহকর্মী অভিনেতা-অভিনেত্রীরা শোক প্রকাশ করেছেন। সিনে মহলে একটাই কথা— টলিউডের সোনালি যুগের এক নায়ককে হারাল বাংলা সিনেমা। দর্শক মনে রাখবে তাঁর অনবদ্য অভিনয় আর সাদামাটা ব্যক্তিত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর