মঙ্গলবার থেকে লোকসভায় শুরু হয়ে গেল বাজেট অধিবেশন। তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর বাজেট পেশের সঙ্গে সঙ্গেই অসাম্যের অভিযোগ তুলে সরব ‘ইন্ডিয়া’ জোটের একাধিক নেতানেত্রী। এই বাজেটকে ‘ব্যর্থ বাজেট’ হিসাবে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার অধিবেশনে তৃণমূলের তরফে লোকসভায় প্রথম বক্তৃতা করবেন তিনি।
নির্মলা সীতারামন বাজেট ঘোষণার সময়ই জানান, এবার কৃষি, কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার, উৎপাদন ও পরিষেবা, নগরোন্নয়ন, শক্তি, উদ্ভাবন ও গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার, এই ৯টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বাংলাকে বঞ্চনা করা হয়েছে। একই অভিযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তিনি এই বাজেটকে ‘দিশাহীন, গরীব বিরোধী এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ বলে অভিহিত করেছেন।

এবারের বাজেটে ২৫ হাজার কোটি টাকা বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ‘বন্ধু’ চন্দ্রবাবু নায়ডু ও নীতিশ কুমারের প্রতি কৃতজ্ঞতার ‘ছাপ’ স্পষ্ট। কারণ, এই দু’জনের সমর্থন ছাড়া একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপির প্রতিনিধি হিসাবে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া কার্যত অসম্ভব ছিল। সেই কারণেই বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র সরকার।
ব্যর্থ বাজেট! বুধে পার্লামেন্টে ঝড় তুলতে প্রস্তুত অভিষেক
এই মুহূর্তে বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদে উপস্থিত রয়েছেন তৃণমূল সাংদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেট ঘোষণার পর তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি যা বলার আগামীকাল ভাষণে বলব। তবে, এই বাজেট ব্যর্থ বাজেট। দিন কয়েক আগেই বাংলার বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেছিলেন, এই বাজেট তো সেই ফর্মুলা মেনেই করা হয়েছে। বিহার অন্ধ্রপ্রদেশকে দিক, আমাদের আপত্তি নেই। কিন্তু, অন্যদের বঞ্চিত করে কেন? বাংলাকে বঞ্চিত করা তো নতুন কোনও ঘটনা নয়। বাংলার মানুষ আবার এর জবাব দেবে।”

আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললেন শুভেন্দু অধিকারীর ফর্মুলা মেনেই এই বাজেট করেছে কেন্দ্র সরকার? আসলে, গত সপ্তাহে বিজেপির বর্ধিত কারযকরিণী সমিতির বৈঠকে শুভেন্দু নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানের বিরোধিতা করে বলেন, যারা আমাদের পক্ষে, আমরা তাদের পক্ষে, সবার পক্ষে আমরা নই। মুসলিম ভোট বিজেপি না পাওয়ায় শুভেন্দু এই মন্তব্য করেন। যা নিয়ে তীব্র বিতর্কও শুরু হয়। এবার অভিষেক সেটাই বললেন, চন্দ্রবাবু ও নীতিশ বিজেপির পক্ষে ছিল, তাই তাঁদেরকেই বাজেটে গুরুত্ব দেওয়া হল! প্রকারন্তরে শুভেন্দু অধিকারীর কথাই সত্যি হল।



