ফের একবার বঞ্চনা ইস্যুতে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিগত দুই অর্থবর্ষে বাংলাকে কত টাকা দেওয়া হয়েছে তা শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে সকলের সামনে আনার চ্যালেঞ্জ জানালেন তৃণমূল সেনাপতি। অভিষেক বললেন, “১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাংলার বকেয়া। সাহস থাকলে কাগজ প্রকাশ করুক।”
এই মুহূর্তে লোকসভায় বাজেট অধিবেশন চলছে। সেখানে আগেই জবাবি ভাষণ রেখেছেন অভিষেক। বাংলার কথা বাজেটে কেন উল্লেখ নেই তা নিয়ে বুধবার ফের একবার সরব হলেন তিনি। অভিষেক বললেন, “বাংলাকে বঞ্চিত করে আসছে। এখান থেকেই জিএসটি তুলে নিয়ে যাবে আর বিহারে ব্রিজ বানাবে যেগুলো দু’দিন পরেই ভেঙে যাবে। ক্ষমতা থাকলে আমি বলছি তো, শেতপত্র প্রকাশ করুক।”
সঙ্গে তিনি আরও বলেন, “৩৪ বছর ধরে বাংলায় সিপিআইএমের অত্যাচার দেখেছে মানুষ। সেই বামেরা আজ জীবাশ্মে পরিণত। বিজেপি-রও একদিন আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অহংবোধ ভেঙে চুরমার হয়ে যাবে। একজন কেন্দ্রীয় মন্ত্রী যখন সংসদে কিছু বলেন, তখন তাঁর সঙ্গে প্রমাণ থাকা উচিৎ! ওনারা বলছেন বাংলার সরকার ঠিকভাবে টাকার হিসাবে দিচ্ছে না। এটা সর্বৈব মিথ্যে কথা। বরং, আমাদের টাকা দেওয়া হচ্ছে না। বাংলাকে বঞ্চনা করা হচ্ছে।”



