নজরবন্দি ব্যুরোঃ লড়াই হবে আইনের পথেই, বিচার ব্যবস্থায় আস্থা রেখে সারাদিনের ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে ঘন্টায় ঘন্টায় বদলে যাচ্ছে চিত্র পট। নেতা মন্ত্রীদের গ্রেপ্তারি থেকে মমতার চ্যালেঞ্জ এবং কর্মী সমর্থকদের ব্যাপক বিক্ষোভ, সব মিলিয়ে লকডাউনের দ্বিতীয় দিনেই উত্তপ্ত রাজ্য। আর তার মাঝে এবার সকললে আশ্বস্ত করতে আসরে নাম্লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ এবার সারদা-রোজভ্যালি আর কয়লা? অভিষেক বলেছিলেন… হাততালি পড়েছিল ভরা জনসভায়।
বিনা নোটিসে আজ সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া হয় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কেও। নিজাম প্যালেসেই তাঁদের হাতে তুলে দেওয়া হয় অ্যারেস্ট মেমো। আজই আদালতে তোলা হবে ৪ জনকেই। সূত্রের খবর, চার্জশিটের বয়ান ঠিক করে নয়াদিল্লিতে পাঠানো হয়েছিল। সেখান থেকে গ্রিন সিগন্যাল আসার পরেই সাতসকালে তড়িঘড়ি গেপ্তার করা হয়েছে। তার পর থেকেই কার্যত ক্ষোভে ফুঁসছে গোটা তৃণমূল। দিকে দিকে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। তৃণমূল বলছে পরাজয়ের প্রতিহিংসা থেকেই এসব করছে বিজেপি। বিধানসভার স্পিকার বলছেন এই গ্রেপ্তার বেআইনি।
গ্রেপ্তারির জেরে অশান্তির আশঙ্কায় আগেই গোটা নিজাম প্যালেসের দখল নিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। আর বেলা গড়াতেই দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সিবিআই দপ্তর। আর এবার ক্ষোভের মধ্যেই ধস্তাধস্তি শুরু হল কেন্দ্রীয় বাহিনী ও তৃণমূল সমর্থকদের মধ্যে। বিক্ষোভকারীরা ইটি বৃষ্টি শুরু করলেন বাহিনীকে লক্ষ্য করে। তাতে আরও উত্তপ্ত হয় পরিস্থিতি।
রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। ঘণ্টার পর ঘণ্টা অবস্থানের পর বাহিনীর সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি হয় বিক্ষোভকারীদের। মুহুর্মুহু নিজাম প্যালেসের ভিতর ধেয়ে আসে পাথর। ছোড়া হয় বোতল, জুতো।কখনও গেট ধরে টানাটানি করে, কখনও লাথি মেরে গেট ভেঙে দেওয়ার চেষ্টা করেন তৃণমূল কর্মীরা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় নিজাম প্য়ালেস চত্বর। শেষে ধৃতদের আদালতে পেশ করার বদলে ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নেওয়া হল।
ভেতরে নাছোড় মুখ্যমন্ত্রী বসে আছেন এখনো, সকালেই তিনি CBI কে চ্যালেঞ্জ করে জানিয়েছিলেন, তাঁকেও গ্রেপ্তার করতে হবে, নিজের কথায় অনড় মমতা এখনো নিজাম প্যালেসেই। অন্যদিকে বাইরে জমা হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী সমর্থকেরা। পরিস্থিতি উত্তপ্ত হতেই মমতাকে হুঁশিয়ারি দিয়ে রাজভবন থেকে একের পর এক ট্যুইট করছেন রাজ্যপাল। সব মিলিয়ে এই মুহুর্তে গোটা রাজ্যের চোখ নিজাম প্যালেসের দিকেই।

আপাতত কলকাতা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, লকডাউনের মধ্যে বিধি নিষেধ মেনে আইনের ওপর ভরসা রাখার বার্তা দিয়ে এবার আসরে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে একটি ট্যুইট করে তিনি লিখেছেন, ‘বাংলার এবং বাংলার জনগণের বৃহত্তর স্বার্থে আমি সকলের কাছে আইন মেনে চলার ও লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ না ভাঙার আবেদন জানাচ্ছি। বিচার ব্যবস্তার প্রতি আমাদের চূড়ান্ত আস্থা রয়েছে এবং আইনি পথেই আমাদের লড়াই চলবে’।



