‘প্রধানমন্ত্রী কথা রাখেননি’—ঠাকুরবাড়িতে পুজো দিয়ে মতুয়াদের পক্ষে সোজাসাপটা বার্তা অভিষেকের

ঠাকুরবাড়িতে পুজো দিয়ে মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি রাখেননি বলে অভিযোগ, SIR ও উন্নয়ন ইস্যুতে বিজেপিকে তোপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মতুয়াদের আবেগ আর নাগরিকত্ব প্রশ্নে ফের রাজনীতির কেন্দ্রবিন্দু ঠাকুরনগর। ঠাকুরবাড়িতে হরিচাঁদ–গুরুচাঁদের মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন—“নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। নয়তো গদি ছাড়তে হবে।” একই সঙ্গে তাঁর তীব্র অভিযোগ, নরেন্দ্র মোদী মতুয়াদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখেননি।

গত কয়েক মাস ধরে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে সিএএ সহায়তা শিবির চালাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর—এই প্রেক্ষাপটেই এদিন ঠাকুরবাড়ি থেকে বিজেপিকে আক্রমণ শানান অভিষেক। তাঁর দাবি, শিবিরে কার্ড বিলির অভিযোগ উঠলেও বাস্তবে বনগাঁ মহকুমায় বিপুল সংখ্যক মতুয়া পরিবার SIR শুনানির নোটিস পেয়েছে। সেখান থেকেই তাঁর কড়া বার্তা—মতুয়াদের নিয়ে দ্বিচারিতা চলবে না।

- Advertisement -

অভিষেকের সফরের আগে ঠাকুরবাড়িতে পুজো নিয়ে হুমকির সুরে মন্তব্যের জবাবও দেন তিনি। কারও নাম না করে বলেন, “এখানে আমার আসার অধিকার রয়েছে।” পুজোর পর ঠাকুরবাড়ি চত্বরে উপচে পড়া ভিড় ও স্লোগানের মধ্যেই সাংবাদিকদের তিনি মনে করিয়ে দেন ২০২৩ সালের ‘নবজোয়ার’ যাত্রার কথা—“আমাকে আটকানো হয়েছিল। ঠাকুরকে বলেছিলাম, তুমি দেখো। যে আটকেছিল, সে নিজের পঞ্চায়েতেই হেরেছে।”

ঠাকুরবাড়ি থেকে সরাসরি রাজনৈতিক ভাষণ না রাখলেও SIR-এ খসড়া তালিকা নিয়ে বিজেপিকে চাঁচাছোলা আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, “যাঁরা মতুয়াদের ভোটে জিতে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছেন, তাঁরাই বলছেন—লক্ষাধিক নাম বাদ গেলে কী আসে যায়! এটাই তাঁদের মনোভাব।”

মতুয়াদের আবেগ নিয়ে বিজেপির রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি। “বনগাঁর সভা থেকে NH12 বড়জাগুলিয়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কথা বলা হয়েছিল—কিছুই হয়নি। এইমস এখনও পুরোপুরি কার্যকর নয়,”—তাঁর অভিযোগ।

তৃণমূল জমানায় ঠাকুরনগরের উন্নয়ন তুলে ধরে অভিষেক বলেন, “ঠাকুরনগর রেলস্টেশনের পরিকাঠামো উন্নয়ন, হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট—এসব আমাদের আমলেই হয়েছে।” তাঁর উপসংহার—প্রতিশ্রুতির রাজনীতি নয়, মতুয়াদের প্রাপ্য অধিকার চাই নিঃশর্তভাবেই।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর