নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী কেমন হবে? তা নিয়ে বারবার একাধিক তত্ত্ব তুলে ধরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কোচবিহারের সভা থেকে আরও একবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি। তাঁর কথায়, মানুষ যাকে বেছে নেবে তিনিই হবেন প্রার্থী। কোনও দাদার বোতল বয়ে প্রার্থী হবে না।
এদিন মাথাভাঙার সভা থেকে অভিষেককে বলতে শোনা যায়, আমাদের কিছু ভুল ত্রুটির কারণে ২০১৯ এবং ২০২১ –এ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে প্রত্যয় আজকে আমি লক্ষ্য করেছি, এই সমাবেশ কোচবিহারের মাটিতে পালাবদলের সমাবেশ। পরিবর্তনের সমাবেশ। যারা বিজেপিকে ভোট দিয়েছিল ২০১৯ এ, ২০২১ এ তাঁরা আজকে বুঝতে পারছে বিজেপিকে ভোট দেওয়া এবং খাল কেটে কুমির আনা এক।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, সভাস্থলে আজকে যে সমস্ত কর্মীরা রয়েছেন, তাঁদেরকে অনুরোধ করব, কাল থেকে মানুষের বাড়ি বাড়ি যাওয়া শুরু করুন। মানুষ তৃণমূলকে চায়। কয়েকটা লোকের কুকর্ম এবং অপকর্মের কারণে মুখ ফিরিয়েছে। আমি কেশপুরে সাত দিন আগে সভা করেছি। আমি সেখানে বলেছি, আমরা মানুষের কাছে মাথানত করতে প্রস্তুত। আমরা বাংলার মানুষের কাছে মাথানত করব। কিন্তু দু’চারটে লোকের জন্য যদি দলের মাথানত হয়, তাঁদেরকে কিন্তু আমি ছেড়ে কথা বলব না। সে যত বড় নেতা আর দাদার ছত্রছায়ায় থাকুক।
কোনও দাদার বোতল বয়ে প্রার্থী হবে না, স্পষ্ট জানালেন অভিষেক

এরপরেই তিনি বলেন, আজকে কোচবিহারের একাধিক প্রান্ত থেকে মানুষ এসেছে। আমি গ্রামের মানুষকে বলবে আপনারা ২০২১ সালের নির্বাচনে ৭ টি বিধানসভা কেন্দ্রে বিজেপিকে জিতিয়েছিলেন। আপনারা লোকসভায় বিজেপিকে জিতিয়েছিলেন। কিন্তু গত ৪ বছরে সাংসদ একবারও কোচবিহারের দাবি দাওয়া নিয়ে সংসদে সরব হয়নি। আমি বলতে চাই ২০২১ সালে যেখানে সভা করেছি, সবাইকে বলেছি যখন ফলঘোষণা হবে ২০২১ সালে বিজেপি যতই হাওয়া তুলুক ২০০ এর বেশী আসন পাবে। অনেকে বিশ্বাস করেনি। কিন্তু যেদিন ফল ঘোষণা হল সেদিন তৃণমূল ২০১৬ সালের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল। আজকে আমি আবার বলছি, গ্রামের মানুষ আকে সার্টিফিকেট দেবে, পঞ্চায়েতে যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, সেই আগামী দিনে তৃণমূলের প্রার্থী। কোনও দাদার বোতল বয়ে প্রার্থী হবে না।



