তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ক্যালেন্ডারে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ আজই অনুষ্ঠিত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেগা বৈঠক, যেখানে যোগ দেবেন প্রায় দশ হাজার জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারী। দলীয় সূত্রে জানা যাচ্ছে, SIR–সংক্রান্ত পূর্ণাঙ্গ রিভিউ থেকে শুরু করে দ্বিতীয় দফার সংগঠনিক কর্মসূচীর রূপরেখা—সবই আলোচনার কেন্দ্রে থাকবে।
বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে মতুয়া–অধ্যুষিত অঞ্চল এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। এর আগেও SIR কর্মসূচী শুরুর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের দায়িত্ব বণ্টন করেছিলেন। আজকের বৈঠকে সেই নেতাদের পারফরম্যান্স কতটা সফল হয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে অঞ্চলভিত্তিক সংগঠনের শক্তি ও দুর্বলতাও বিশ্লেষণ করা হবে।


১০ হাজার নেতা-নেত্রীদের সঙ্গে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নির্দেশে এই মেগা বৈঠক ডাকা হয়েছে, যাতে মাঠপর্যায়ের প্রতিটি নেতা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কি না, তা পর্যালোচনা করা যায়। সংগঠনের বিভিন্ন স্তরের কর্মী-নেতাদের উপস্থিতিতে আজকের বৈঠককে তৃণমূল অত্যন্ত কৌশলগত বলে মনে করছে।
এদিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মতুয়া মহলে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। মঙ্গলবার চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মহামিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকেই তিনি দেবেন রাজনৈতিক বার্তা। মিছিল ঘিরে প্রশাসন পুরো এলাকা পরিদর্শন করছে এবং বনগাঁয় সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় মেগা বৈঠক মূলত ভার্চুয়াল হলেও তাতে যুক্ত থাকবেন ১০ হাজারেরও বেশি নেতা—সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, ব্লক নেতৃত্ব সহ বিভিন্ন স্তরের সংগঠকরা। SIR প্রক্রিয়া নিয়ে দলে আগেই অসন্তোষ প্রকাশ করেছেন মমতা ও অভিষেক দু’জনেই। নেত্রীর নির্দেশ অনুযায়ী কোনও নাম বাদ না দেওয়াই তৃণমূলের মূল অবস্থান।


মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই SIR নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন। তিনি দাবি জানিয়েছেন SIR প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার। আগামীকাল মতুয়া মহলে মমতার মহামিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে চলেছে। আজকের বৈঠকে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাদের স্পষ্ট দিকনির্দেশনা দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
তৃণমূলের মতে, SIR ঘিরে মানুষকে সঙ্গে রাখা এবং সংগঠনকে আরও শক্তিশালী করাই আজকের প্রধান লক্ষ্য, আর সেই কারণেই এত বড় আকারের ভার্চুয়াল বৈঠক আয়োজন করা হয়েছে।







