নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে ফের প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কমিশনের গুরুত্বপূর্ণ নির্দেশ এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই দেওয়া হচ্ছে। বুধবার এক্স-এ একাধিক স্ক্রিনশট শেয়ার করে এই অভিযোগ সামনে আনেন তিনি, যা ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
Abhishek Banerjee তাঁর পোস্টে প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ কি নির্বাচন কমিশন উপেক্ষা করছে? তাঁর কথায়, দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণের কথা বলেছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের মতো অনানুষ্ঠানিক মাধ্যমেই নির্দেশ দেওয়া হচ্ছে।


অভিষেকের দাবি, বিশেষ রোল অবজ়ার্ভার আইএএস সি মুরুগানও জন্মসনদের গ্রহণযোগ্যতা সংক্রান্ত নির্দেশিকা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাচ্ছেন। সেই গ্রুপে মাইক্রো অবজ়ার্ভারদের উদ্দেশে নির্দেশ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।
তাঁর প্রশ্ন, সুপ্রিম কোর্ট খুব স্পষ্ট করে মাইক্রো অবজ়ার্ভারদের ভূমিকা নির্ধারণ করে দিয়েছে। তা হলে কেন সেই প্রক্রিয়া এড়িয়ে এই ধরনের নির্দেশ দেওয়া হচ্ছে? এবং কার নির্দেশে এই কাজ হচ্ছে—সেই প্রশ্নও তোলেন তৃণমূল নেতা।
এতেই থামেননি অভিষেক। তিনি আরও অভিযোগ করেন, জেলা ভিত্তিক রোল অবজ়ার্ভারদের লগইন ক্রেডেনশিয়াল কলকাতা থেকে অ্যাক্সেস করা হচ্ছে। তাঁর দাবি, সেই লগইন ডেটার অপব্যবহার করে নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে।


তাঁর কথায়, দিল্লিতে বসে থাকা কমিশনের ‘রাজনৈতিক প্রভুদের’ নির্দেশেই এই সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। গোটা বিষয়টি আবার সুপ্রিম কোর্টে তোলার কথাও জানিয়েছেন অভিষেক।








