আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের দিকে বিশেষ নজর রয়েছে শাসক দল তৃণমূলের। হ্যাটট্রিক করার লক্ষ্যে ময়দানে নেমে পড়েছে তাঁরা। রবিবার তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের হয়ে প্রচারে আসেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবকে নিয়ে দু কিলোমিটার পথ রোড শো করেন, এরপর পূর্ব নির্ধারিত কর্মসূচি মতই জনসভা করেন তিনি। সেখানেই একের পর এক প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় সরকার এবং বঙ্গ বিজেপিকে নিশানায় আনেন অভিষেক। এমনকি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে (Hiran Chatterjee-Abhishek Banerjee) নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন।



আরও পড়ুন: অভিষেকের সঙ্গে বৈঠকের পরই রাজনীতিতে ‘প্রত্যাবর্তন’ দেবের, কী কথা হয়েছিল দুজনের?
ঘাটাল লোকসভা কেন্দ্রে (Ghatal Loksabha) তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে খড়গপুরের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েছে বিজেপি। দুই তারকার তরজা কারও অজানা নয়। এদিন বক্তব্য রাখার সময়েই অভিষেক প্রশ্ন করেন, বিজেপি এখানে (ঘাটাল) কাকে দাড় করিয়েছে। এরপরই নাম না করেই হিরণের প্রসঙ্গে বলেন, ‘ছয় মাস, আট মাস আগে আমার দফতরে এসেছিল তৃণমূলে ঢোকার জন্য, দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিইনি। তার সিসিটিভি আছে। আমি তাঁকে (হিরণ চট্টোপাধ্যায়) বলব মিথ্যে কথা বেশি বলতে নেই। প্রতিনিয়ত মিথ্যে কথা বললে মানুষ জবাব দেবে।’

হিরণের প্রসঙ্গে অভিষেক আরও বলেন, ‘বিজেপির নির্বাচিত বিধায়ক, ২১-এ খড়গপুর থেকে জিতেছে। চলে যান খড়গপুড়ে, দেখুন সেখানে ১০ পয়সার কোনও উন্নয়ন করেছেন কি না। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করছে।’ কটাক্ষের সুরে তৃণমূলের সেনাপতি বলেন, ‘আগে খড়গপুর সামলাও পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। কারণ বিজেপিই এমন লোক চায় না যার পায়ের নখ থেকে শুরু করে পুরোটাই দুর্নীতি।’


ছ’মাস আগেই তৃণমূলে যোগ দিতে এসেছিল, দরজা বন্ধ করে দিয়েছি, হিরণকে নিয়ে বিস্ফোরক অভিষেক

দুর্নীতি ইস্যুতে বিভিন্ন সময় দেবকে আক্রমণ করেছেন হিরণ। শান্ত মেজাজেই প্রতিবার জবাব দিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ। গত মার্চ মাসে হিরণকে ঘাটালের বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করে দলীয় নেতৃত্ব। এনিয়ে দেব জানিয়েছিলেন, ‘দু বছর আগে থেকে যখন আমাকে নিয়ে নানা কথা বলতে শুরু করে আমি তখনই বুঝে গিয়েছিলাম ওঁ এখানে দাঁড়াতে চায়।’ ঘাটালে প্রতিদ্বন্দ্বী হয়ে প্রতিনিয়ত যেন দেব-হিরণের দ্বৈরথ চোখে পড়েছে। তৃণমূল প্রার্থী কটাক্ষ করেছিলেন, ‘অভিনয়ের ক্যারিয়ার ব্যর্থ হওয়ায় হয়তো রাজনীতিতে এসে আক্ষেপ মেটাচ্ছে।’







