নজরবন্দি ব্যুরোঃ সৈকতপাড়ে হাড্ডাহাড্ডি লড়াই, পাঞ্জাবের পর এবার গোয়ায় মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবারেই পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে আম আদমি পার্টি। তবে শুধু পাঞ্জাব নয় গোয়াতেও বিজেপির বিরুদ্ধে কঠিন লড়াই দিতে চলেছে আপ। আর সেই কারনেই বিখ্যাত আইনজীবী অমিত পালেকরকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছেন কেজরিওয়াল।
আরও পড়ুনঃ Akhilesh Yadav: বিধানসভা নির্বাচনে লড়বেন অখিলেশ, যোগীকে বড় চ্যালেঞ্জ?
আগামী মাসেই গোয়াতে হতে চলছে বিধানসভা নির্বাচন। বিভিন্ন সমীক্ষায় ইঙ্গিত বিজেপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে আম আদমি পার্টির। লড়াইতে আছে কংগ্রেস এবং তৃণমূলও। তবে মুখোমুখি টক্কর হতে পারে আম আদমি পার্টি এবং ভারতীয় জনতা পার্টির। ইতিমধ্যেই কেজরিওয়াল রবিবার গোয়ার কর্টালিম গ্রামে ডোর টু ডোর প্রচার করেছেন।

তিনি বলেছেন, “আমরা শুধু ঘরে ঘরে প্রচার করেছি। লোকেরা আম আদমি পার্টিকে ভোট দেওয়ার জন্য খুব উৎসুক, কারণ তাদের একটি পরিবর্তন প্রয়োজন। গোয়ার সাধারন মানুষ কংগ্রেস এবং বিজেপি কে দেখে দেখে ক্লান্ত হয়ে গিয়েছেন। পরিবর্তন দরকার। আমাদের দল দিল্লিতে যে কাজ করেছে সে সম্পর্কেও শুনেছেন এখানকার জনতা। সেই কারনেই তাঁরা আমাদের ভোট দেবেন।”
সৈকতপাড়ে হাড্ডাহাড্ডি লড়াই, গোয়ায় মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা কেজরিওয়ালের।

আম আদমি পার্টির তরফে ঘোষণা করা হয়েছে, ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ও শিল্প, জীবিকা, খনি এবং পরিকাঠামোর ক্ষেত্রে সংস্কার আনা হবে। সবাইকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। যদি চাকরি দিতে পারা সম্ভব না হয় তাহলে দেওয়া হবে মাসিক ৩ হাজার টাকা ভাতা। পাশাপশি দিল্লির মতোই গোয়ার প্রতিটি গ্রাম ও জেলায় উন্নত মানের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার ঘোষণা করেছেন কেজরিওয়াল।



