পান খেতে ভালবাসেন ‘বন্ধু’। তাই নাকি ভেজা লাল কাপড়ে মোড়া একগুচ্ছ পান গাড়িতে তুলে নিয়েই জিয়াগঞ্জে হাজির হয়েছিলেন Aamir Khan। গন্তব্য—গায়ক Arijit Singh-এর বাড়ি। সোমবার এই ভাবেই নিঃশব্দে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে পা রাখেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ‘আমিরি’ উপস্থিতি। খবর, দিন দু’য়েক গায়কের বাড়িতেই থাকবেন অভিনেতা।
কাকপক্ষীতেও যাতে টের না পায়, তার জন্য আগাম সতর্কতা ছিল চূড়ান্ত। সোমবার সারাদিন কেউ বুঝতেই পারেননি আমির যে জিয়াগঞ্জে। কিন্তু মঙ্গলবার সকালে অরিজিতের স্টুডিয়োর দিকে যাওয়ার পথেই ক্যামেরাবন্দি হয়ে যান অভিনেতা। ভাইরাল ভিডিয়োয় দেখা যায়—চামড়ার জ্যাকেট গায়ে, চুল উল্টে আঁচড়ে হেয়ারব্যান্ডে বাঁধা, চার পাশে নিরাপত্তারক্ষী। দ্রুত গাড়িতে ওঠার আগে উপস্থিত জনতার দিকে হাত নাড়তেও দেখা যায় তাঁকে।


নিছক বন্ধুত্ব, না কি গান ঘিরে সমঝোতার চেষ্টা?
এই সফরকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। ফেব্রুয়ারির শেষ দিক থেকেই একটি হিন্দি ছবির দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু হওয়ার কথা। সেই ছবিতে গান গাওয়ার আগাম চুক্তি ছিল অরিজিতের সঙ্গে—এমনটাই বলিউড সূত্রের দাবি। কিন্তু আচমকাই গান গাওয়া থেকে অবসর ঘোষণার পর থেকেই সমস্যায় পড়েন একাধিক বড় প্রযোজক। সেই তালিকায় কি রয়েছেন আমির খানও?
শোনা যাচ্ছে, শুটিং শুরুর পর থেকেই ছবির গান নিয়ে টালবাহানা শুরু করেছিলেন অরিজিত। পরিস্থিতি সামাল দিতে বোলপুরে চলা শুটিংয়ের মাঝেই মুম্বই থেকে উড়ে এসেছিলেন Vishal Bhardwaj-সহ বলিউড ও টলিউডের একাধিক প্রযোজক। সেই আবহেই আমিরের এই হঠাৎ সফর—নিছক সৌজন্য, না কি বন্ধুর সঙ্গে আলোচনার টেবিলে বসে জট কাটানোর চেষ্টা, তা নিয়েই কৌতূহল তুঙ্গে।
‘দঙ্গল’ থেকেই বন্ধুত্ব, অরিজিতের গানের ভক্ত আমির
আমির–অরিজিতের বন্ধুত্বের শুরু Dangal ছবির কাজের সূত্রে। সেই ছবিতে আমিরের ঠোঁটে শোনা গিয়েছিল অরিজিতের গান। অল্প সময়ের মধ্যেই গাঢ় হয় সম্পর্ক। একাধিক সাক্ষাৎকারে আমির নিজেই জানিয়েছেন, অরিজিতের গানের বড় ভক্ত তিনি। পরস্পরের সঙ্গে কাজ করতেও তাঁরা স্বচ্ছন্দ—এ কথা ইন্ডাস্ট্রিতে সুবিদিত।


তবে এই সফর নিয়ে এখনও কেউই মুখ খোলেননি। অরিজিতের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কোনও বক্তব্য দেননি আমিরও। ফলে, পান-ভর্তি উপহার আর নিঃশব্দ সফরের নেপথ্যের আসল কারণ আপাতত সময়ের হাতেই ছেড়ে দিয়েছেন দুই তারকার অনুরাগীরা।








