নজরবন্দি ব্যুরোঃ শীতলকুচির পর নন্দীগ্রাম পরিদর্শনে রাজ্যপাল, সঙ্গী বিরোধী দলনেতা শুভেন্দু। রাজ্য ও রাজ্যপালের চরম সংঘাতের মধ্যেই ভোট কেন্দ্রিক হিংসা কবলিত একের পর এক এলাকা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনগর। রাজ্যের নয়া মন্ত্রীসভার শপথগ্রহন মিটতেই ভোট কেন্দ্রিক হিংসা নিয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।
আরও পড়ুনঃ তবে কি লকডাউন? করোনা নিয়ে আজ দুপুরে নবান্নে জরুরি বৈঠক মুখ্যসচিবের।
হিংসা কবলিত এলাকায় নিজে যাবেন বলেও জানান। তারপর থেকেই রাজ্যের সঙ্গে তাঁর সংঘাত চরমে। এদিকে বিতর্কের মাঝেই গতকাল শীতলকুচিতে যান তিনি। এরপর অসমেও যান রাজ্যপাল। আর সর্বত্রই রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমন শানান তিনি। তাঁর কোচবিহার সফরে সর্বদা সঙ্গী ছিলেন নিশীথ প্রামানিক সহ একাধিক বিজেপি নেতা। আর আজ তিনি যাবেন নন্দীগ্রামে সেকথা আগেই জানিয়েছিলেন রাজ্যপাল। তবে তাঁর সাথে বিজেপি নেতাদের ঘোরা নিয়ে বিতর্ক চরমে ওঠে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস অভিযোগ করে বিজেপির হয়ে কাজ করছেন রাজ্যপাল।
এদিকে বাস্তবেও কিছুটা তার প্রতিফলন দেখা যায়। হিংসা কবলিত এলাকায় তিনি শুধু বিজেপির কর্মীদের সাথেই দেখা করেন। আজ যাতে বিতর্ক না বাড়ে তাই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে জানান নন্দীগ্রামে তিনি রাজ্যপালের সঙ্গী হবেন না। তবে বাস্তবে দেখা গেল উল্টো ছবি। বিএসএফ-এর কপটার চড়ে সেখানে রাজ্যপাল পৌঁছতেই তাঁকে স্বাগত জানান শুভেন্দু।
শীতলকুচির পর নন্দীগ্রাম পরিদর্শনে রাজ্যপাল, সঙ্গী বিরোধী দলনেতা শুভেন্দু। এরপর শুভেন্দুকে সঙ্গে নিয়ে আক্রান্ত বিজেপি কর্মিদের বাড়িতেই গেলেন তিনি। এখানেও ব্রাত্য আক্রান্ত তৃণমূল কর্মী-সমর্থকরা। এই ঘটনার পর ফের বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। এখন দেখার এই ঘটনার পর রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব কোথায় পৌঁছয়।



