‘ইনফ্লুয়েন্সার ইমেজ ভুলে চরিত্রটা দেখুন’, সীতা বিতর্কে মুখ খুললেন অঞ্জলি অরোরা

‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’-য় সীতা চরিত্রে অঞ্জলি অরোরাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক। ট্রেলার লঞ্চে সমালোচনার জবাব দিয়ে দর্শকদের ব্যক্তিগত ইমেজ সরিয়ে চরিত্র দেখার অনুরোধ করলেন অভিনেত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রণবীর কাপুরের ‘রামায়ণ’ ঘিরে যখন দর্শকের কৌতূহল তুঙ্গে, তখনই নতুন করে চর্চায় এসেছে আরও একটি রামায়ণভিত্তিক ছবি। ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করেছেন অঞ্জলি অরোরা। সোশ্যাল মিডিয়ায় ‘কাঁচাবাদাম গার্ল’ হিসেবে পরিচিত এই অভিনেত্রীকে সীতার ভূমিকায় দেখে শুরু হয়েছে বিতর্ক। ট্রেলার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে নানা মন্তব্য, মিম এবং সমালোচনা দেখা যাচ্ছে।

ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানে রিল বানিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন অঞ্জলি। পরবর্তীতে ইনফ্লুয়েন্সার হিসেবে তাঁর সোশ্যাল মিডিয়া পরিচিতিও তৈরি হয়। সেই অঞ্জলিকেই এবার পৌরাণিক চরিত্রে দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন। ছবিটিকে বয়কট করার দাবিও সোশ্যাল মিডিয়ার একাংশে উঠেছে বলে দাবি করা হচ্ছে।

এই বিতর্কের মাঝেই বৃহস্পতিবার ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মুখ খুললেন অঞ্জলি অরোরা। সমালোচনা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, নেতিবাচক প্রতিক্রিয়ায় তিনি দুঃখ পাননি। তাঁর বক্তব্য, একজন পরিচিত মুখকে ইতিবাচক এবং নেতিবাচক—দুই ধরনের প্রতিক্রিয়ার জন্যই প্রস্তুত থাকতে হয়।

অঞ্জলির কথায়, “আমি দুঃখ পাইনি। কারণ আমরা সেলিব্রিটি আর মানুষকে আমরাই বিচারকের আসনে বসিয়েছি। তাই তাঁরা আমাদের ইতিবাচক বা নেতিবাচক যেভাবেই বিচার করতে চান, সেটা তাঁদের ইচ্ছে। সবাই আমাদের পছন্দ করতেও পারেন আবার নাও করতে পারেন।”

অভিনেত্রী আরও জানান, কোনও চরিত্রের জন্য নির্বাচিত হলে সেটিকে নিজের সেরাটা দিয়ে পর্দায় ফুটিয়ে তোলাই একজন অভিনেতা-অভিনেত্রীর দায়িত্ব। দর্শক সেই চরিত্রকে কীভাবে গ্রহণ করবেন, তা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই মনে করেন তিনি।

অঞ্জলির বক্তব্য, “আমরা অভিনেতা-অভিনেত্রী। আমাদের যে চরিত্র দেওয়া হয়, আমরা নিজেদের একশো শতাংশ দিয়ে সেটি ফুটিয়ে তুলি। চরিত্রটি যখন দর্শকদের সামনে আসে তখন তাঁরা সেটিকে কীভাবে দেখবেন সেটা সম্পূর্ণ তাঁদের সিদ্ধান্ত।”

তবে এখানেই থামেননি ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’র সীতা। সোশ্যাল মিডিয়ায় তাঁর যে ব্যক্তিগত পরিচিতি তৈরি হয়েছে, তা সরিয়ে সিনেমার চরিত্র হিসেবে তাঁকে দেখার অনুরোধ করেছেন তিনি। তাঁর মতে, একজন অভিনেতার ব্যক্তিগত জীবন এবং পর্দার চরিত্রকে এক করে দেখা উচিত নয়।

অঞ্জলি বলেন, “আমি সীতা মায়ের চরিত্রে অভিনয় করেছি। এখন ট্রেলার দেখার পর আপনার কি মনে হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমরা যে অঞ্জলিকে দেখি তিনি একই অঞ্জলি?”

এর পরেই দর্শকদের উদ্দেশে তাঁর অনুরোধ, সিনেমাটি দেখার সময় যেন তাঁর সোশ্যাল মিডিয়া ইমেজকে একপাশে রেখে সীতার চরিত্রটিকে বিচার করা হয়। তাঁর কথায়, “আমার একমাত্র উদ্দেশ্য হল, দর্শক যখন সিনেমাটি দেখবেন তখন তাঁরা যেন আমার ব্যক্তিগত জীবন ও ব্যক্তিত্বকে একপাশে রেখে চরিত্রটিকে দেখেন।”

অঞ্জলির এই বক্তব্যের পর সীতা চরিত্রে তাঁর অভিনয় নিয়ে বিতর্কের পাশাপাশি ছবিটি ঘিরে আগ্রহও নতুন করে তৈরি হয়েছে। ‘কাঁচাবাদাম গার্ল’ হিসেবে যাঁকে দর্শক এতদিন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তাঁকে এবার পৌরাণিক চরিত্রে কতটা আলাদা ভাবে দেখা যাবে, সেটাই এখন বড় প্রশ্ন।

‘ইনফ্লুয়েন্সার ইমেজ ভুলে চরিত্রটা দেখুন’, সীতা বিতর্কে মুখ খুললেন অঞ্জলি অরোরা
‘ইনফ্লুয়েন্সার ইমেজ ভুলে চরিত্রটা দেখুন’, সীতা বিতর্কে মুখ খুললেন অঞ্জলি অরোরা

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এর সঙ্গে একই সময়ে রামায়ণভিত্তিক একাধিক ছবি নিয়ে আলোচনা হওয়ায় বিষয়টি আরও নজর কেড়েছে। তবে ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ মুক্তির পর দর্শক অঞ্জলি অরোরার অভিনয় এবং সীতা চরিত্রের উপস্থাপনাকে কীভাবে গ্রহণ করেন, তার উত্তর মিলবে ছবিটি পর্দায় আসার পরই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন