রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে বদলে গেল বাংলা টেলিভিশনের টিআরপি সমীকরণও। চলতি সপ্তাহের তালিকায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকের অবস্থানে বড় রদবদল নজরে এসেছে। কেউ ফিরেছে পুরনো ছন্দে, কেউ আবার ছিটকে গিয়েছে প্রথম সারি থেকে। আর এই সমস্ত উত্থান-পতনের মাঝেই নজর কেড়েছে ‘কনে দেখা আলো’। নানা বিতর্ক ও টানাপড়েনের পর অবশেষে প্রথম পাঁচে জায়গা করে নিল ধারাবাহিকটি।
এই সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। দীর্ঘদিন পর আবার দর্শকদের মন জিতেছে পরশুরাম-তটিনীর সমীকরণ। ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৪.৭। একই নম্বর পেয়ে প্রথম স্থান ভাগ করে নিয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। গত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকটির জনপ্রিয়তা বাড়ছিল, আর এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকল।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’। রায়ান-পারুলের সম্পর্কের টানাপড়েন নিয়ে তৈরি এই ধারাবাহিক সাধারণত প্রথম স্থানেই থাকে। তবে এই সপ্তাহে সামান্য পিছিয়ে ৪.৬ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে।
তৃতীয় স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’। ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৪.৪। অন্যদিকে বহুদিন পরে প্রথম পাঁচে ফিরেছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। দীর্ঘ সময় প্রতিযোগিতার বাইরে থাকার পর এই সপ্তাহে ঘুরে দাঁড়িয়েছে কাহিনিটি। তাদের প্রাপ্ত নম্বর ৪.৩। একই নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ও।
সবচেয়ে বেশি চর্চায় অবশ্য ‘কনে দেখা আলো’। নানা বিতর্ক ও ওঠাপড়ার মধ্যেও অবশেষে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৪.২।
এবারের টিআরপি তালিকার আরেকটি বড় দিক হল নম্বরের পতন। চলতি সপ্তাহে কোনও ধারাবাহিকই ৫-এর গণ্ডি ছুঁতে পারেনি, এমনকি ৪.৭-ই সর্বোচ্চ স্কোর। অনেকের মতে, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও খবরকেন্দ্রিক দর্শক আগ্রহের প্রভাব টেলিভিশনের দর্শকসংখ্যাতেও পড়েছে।
আগামী সপ্তাহে এই সমীকরণ কতটা বদলায়, এখন সেটাই দেখার।



