কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবরের ঝাঁপি খুলতে চলেছে নতুন বছরেই। চলতি বছরেই অষ্টম বেতন কমিশন কার্যকর করার জল্পনার মধ্যেই সামনে এল আরও বড় স্বস্তির খবর—নতুন বেতন কাঠামো চালু হওয়ার আগেই মহার্ঘ ভাতা (ডিএ) বেড়ে পৌঁছতে পারে প্রায় ৭০ শতাংশে। সরকারি সূত্রের ইঙ্গিত, অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হতে সময় লাগবে, আর সেই ফাঁকে নিয়ম মেনেই অন্তত তিন দফায় ডিএ বৃদ্ধির সুবিধা পেতে পারেন কেন্দ্রীয় কর্মচারীরা।
সাধারণত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে দু’বার ডিএ পান—একবার মার্চে, অন্যবার অক্টোবরে। সূত্রের খবর, অষ্টম বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন বেতন কাঠামো চালু হতে ২০২৭ সালের মার্চের পরেও সময় লাগতে পারে। ফলে ২০২৬ সালের মার্চ, ২০২৬ সালের অক্টোবর এবং ২০২৭ সালের মার্চ—এই তিন দফায় ডিএ বৃদ্ধির সুযোগ থাকছে বলেই মনে করছেন কর্মচারী সংগঠনগুলির একাংশ। যদিও প্রশাসনিক স্তরে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মূল বেতনের ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সাধারণ নিয়মে প্রতি দফায় ডিএ ২ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়ে। সেই হিসাবেই আগামী মার্চে ডিএ বেড়ে অন্তত ৬০ শতাংশে পৌঁছতে পারে। এরপর অক্টোবরে ও ২০২৭ সালের মার্চে আরও বৃদ্ধি হলে, মোট ডিএ প্রায় ৭০ শতাংশ ছুঁতে পারে বলে অনুমান।
অতীতের দিকে তাকালে দেখা যায়, ষষ্ঠ বেতন কমিশনের (২০০৬–২০১৬) সময়েই ডিএ বৃদ্ধির হার ছিল সর্বাধিক। সেই সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেসিক পে-র ১২৫ শতাংশ পর্যন্ত ডিএ পেয়েছিলেন। পঞ্চম বেতন কমিশনে (১৯৯৬–২০০৬) ডিএ বেড়েছিল ৭৪ শতাংশ পর্যন্ত। তুলনায় সপ্তম বেতন কমিশনে ডিএ বৃদ্ধির গতি অনেকটাই ধীর। বিশেষ করে ২০২০ সালে কোভিড অতিমারির সময় ১৮ মাসের জন্য ডিএ স্থগিত রাখায় সেই বৃদ্ধির গতি আরও শ্লথ হয়ে যায়। পরে অবশ্য বকেয়া ডিএ মিটিয়ে দেয় নরেন্দ্র মোদী-র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর, এই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে অষ্টম বেতন কমিশন ডিএ বৃদ্ধির ক্ষেত্রে আরও বাস্তবসম্মত ও ধারাবাহিক কাঠামোর দিকে নজর দিচ্ছে। ফলে আগামী দিনে মহার্ঘ ভাতা তুলনামূলক দ্রুত হারে বাড়তে পারে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে কেন্দ্র অষ্টম বেতন কমিশন গঠন করেছে। নতুন বেতন কাঠামো সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য কমিশনকে ১৮ মাস সময় দেওয়া হয়েছে। সেই হিসেবে ২০২৭ সালের মাঝামাঝির আগে নতুন বেতন কাঠামো চালু হওয়ার সম্ভাবনা কম। নতুন বেতন চালু হলেই অবশ্য ডিএ আবার শূন্যে নেমে আসবে—যেমনটি আগের কমিশনগুলির ক্ষেত্রেও হয়েছে। একই নিয়ম প্রযোজ্য হবে পেনশনভোগীদের ক্ষেত্রেও।
সব মিলিয়ে, অষ্টম বেতন কমিশনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির এই সম্ভাবনা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।



