চিংড়িহাটায় দীর্ঘদিন আটকে থাকা মেট্রো প্রকল্পের জট কাটাতে এবার স্পষ্ট সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে—আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই চিংড়িহাটায় মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, এই কাজ সম্পূর্ণ করতে রাজ্য সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে তিন রাত ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে। কোন কোন তারিখে এই ট্রাফিক ব্লক করা হবে, তার বিস্তারিত সময়সূচি আগামী ৬ জানুয়ারির মধ্যে নির্মাণকারী সংস্থা RVNL-কে জানাতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ প্রায় শেষের পথে। কিন্তু চিংড়িহাটা এলাকায় মাত্র ৩৬৬ মিটার অংশে পিলার নির্মাণ বাকি থাকায় পুরো প্রকল্প থমকে রয়েছে। ওই অংশে কাজ শেষ করতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করা প্রয়োজন, আর সেই ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়েই দীর্ঘদিন ধরে জট তৈরি হয়েছিল।
এই বিষয়টি নিয়ে একাধিকবার রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় সংস্থা এবং আরভিএনএলের মধ্যে বৈঠক হলেও সমাধান সূত্র মেলেনি। শেষ পর্যন্ত বিষয়টি আদালতের দ্বারস্থ হয়। গত শুনানিতে আরভিএনএল অভিযোগ করেছিল, পুলিশের তরফে ২০২৬ সালের আগে ট্রাফিক নিয়ন্ত্রণের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে, যা প্রকল্পকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিচ্ছে।
তবে সংস্থার দাবি ছিল, মাত্র তিনদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করলেই পিলার নির্মাণের কাজ শেষ করা সম্ভব। সেই যুক্তিকেই গুরুত্ব দিয়ে এবার নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দিল আদালত।
আদালতের এই নির্দেশে চিংড়িহাটা মেট্রো প্রকল্পে গতি ফেরার আশায় সংশ্লিষ্ট মহল। এখন দেখার, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে কাজ শেষ করা যায় কি না।



