আগামী সোমবার, ২০ অক্টোবর ২০২৫ কালীপুজো। দুর্গাপুজোর পর ফের যাত্রীদের সুবিধার কথা ভেবে কলকাতা মেট্রো নিয়েছে বিশেষ উদ্যোগ। এবার প্রতিটি রুটে সময়সূচি বদলাচ্ছে, বিশেষ করে রাতে শেষ মেট্রো চলবে দেরিতে। উৎসবের ভিড় সামলেই যাত্রীদের স্বস্তি দিতে নতুন সময়সূচি ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ।
ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর):
সাধারণ দিনে ২৭২টি মেট্রো চললেও, কালীপুজোর দিনে চলবে ১৪৪টি ট্রেন। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম রুটে পরিষেবা শুরু হবে সকাল ৭টা ৫৪ মিনিটে, আর শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে সকাল ৬টা ৫৪ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম—দুই রুটেই সকাল ৮টা থেকে পরিষেবা শুরু হবে।
রাতের পরিষেবায় বড় বদল এসেছে। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে (আগে ৯টা ২৮), আর শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টায় (আগে ৯টা ৩৩)। ফলে কালীপুজোর রাতে যাত্রীরা আরও দীর্ঘ সময় মেট্রো পাবেন।
গ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ):
এই রুটে ২২৬টির বদলে ১২৪টি মেট্রো চলবে। তবে সময়সূচি অপরিবর্তিত থাকছে। সকাল ৬টা ৩০ মিনিটে হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে এবং সকাল ৬টা ৩২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে বিপরীত রুটে সার্ভিস শুরু হবে। রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে ও রাত ৯টা ৪৭ মিনিটে সল্টলেক থেকে শেষ মেট্রো চলবে।
ইয়েলো লাইন (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর):
সাধারণ দিনে ১২০টির বদলে কালীপুজোয় চলবে ৫২টি মেট্রো। সকাল ও রাতের পরিষেবায় বড় পরিবর্তন হয়েছে। সকাল ১০টায় নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো চলবে, এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে সকাল ১০টা ২২ মিনিটে প্রথম মেট্রো পাওয়া যাবে। তবে সন্ধ্যার আগেই শেষ হবে পরিষেবা—নোয়াপাড়া থেকে শেষ মেট্রো বিকেল ৫টা ৩৪ মিনিটে, আর বিমানবন্দর থেকে শেষ মেট্রো ছাড়বে বিকেল ৫টা ৫৪ মিনিটে।
পার্পল লাইন (জোকা–মাঝেরহাট):
এই রুটে ৮০টির বদলে চলবে মাত্র ৪৪টি মেট্রো। সকাল ১০টায় জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে, আর মাঝেরহাট থেকে সকাল ১০টা ২৪ মিনিটে। শেষ পরিষেবা বিকেল ৫টা ২৮ মিনিটে (আগে রাত ৮টা ৩৬ মিনিট) জোকা থেকে এবং বিকেল ৫টা ৪৯ মিনিটে মাঝেরহাট থেকে। ফলে সন্ধ্যার পর এই রুটে আর মেট্রো থাকবে না।
অরেঞ্জ লাইন (বেলেঘাটা–কবি সুভাষ):
এই রুটে কালীপুজোয় চলবে ৪০টি মেট্রো, যেখানে সাধারণ দিনে ৬০টি। বেলেঘাটা থেকে সকাল ৯টা ৫৫ মিনিটে এবং কবি সুভাষ থেকে সকাল ১০টায় প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে। শেষ ট্রেন পাওয়া যাবে বিকেল ৫টা ৫৫ মিনিটে, যা সাধারণত রাত ৮টা ৫ মিনিটে ছাড়ে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের মতে, উৎসবের সময় যাত্রীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণই এখন প্রধান লক্ষ্য। তাই সময়সূচি কিছুটা কমানো হলেও, যেখানে প্রয়োজন, বিশেষ করে ব্লু লাইনে, রাতের শেষ মেট্রো দেরিতে চালিয়ে যাত্রীদের সুবিধা দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন কালীপুজোর রাতে মণ্ডপ দর্শনকারীদের জন্য স্বস্তির খবর হলেও, অন্য রুটে সন্ধ্যার পর মেট্রো বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করতে হবে অনেককেই।



