আন্তর্জাতিক মঞ্চে ভারতের কূটনৈতিক শক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘মিত্র বিভূষণ পদক’-এ সম্মানিত হলেন তিনি। এই সম্মান তাঁর ভারত-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং উভয় দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও উন্নীতকরণে ব্যতিক্রমী ভূমিকার জন্য প্রদান করা হয়েছে।
এই পদক এমন এক সময়ে দেওয়া হল, যখন চিন শ্রীলঙ্কার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টায় রয়েছে। তাই মোদির এই সম্মানপ্রাপ্তি শুধু সম্মান নয়, একপ্রকার কূটনৈতিক বার্তাও— ভারত এখনও এই অঞ্চলের নির্ভরযোগ্য বন্ধু ও শক্তিশালী কণ্ঠস্বর।
‘মিত্র বিভূষণ পদক’-এর নকশাতেও রয়েছে ভারত-শ্রীলঙ্কা বন্ধনের প্রতীক:
-
ধর্মচক্র – বৌদ্ধ ঐতিহ্যের প্রতীক
-
পুন কলস – সমৃদ্ধির প্রতীক
-
নবরত্ন – মূল্যবান রত্নসমূহ
-
পদ্মের পাপড়ি ও গোলক – চিরন্তন বন্ধুত্বের প্রতীক
-
সূর্য ও চাঁদ – চিরস্থায়ী সম্পর্ক নির্দেশ করে
এই সম্মানের মাধ্যমে মোদি হলেন ২২তম আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ভারতীয় প্রধানমন্ত্রী। এর আগে তিনি মরিশাস সরকারের সর্বোচ্চ সম্মানও পেয়েছেন।
শ্রীলঙ্কা সফরের সময় মোদি রামায়ণের পুতুলনাচ অনুষ্ঠানও উপভোগ করেন, যা দুই দেশের সাংস্কৃতিক মিলনের প্রতীক।
এমন সম্মান শুধু মোদির ব্যক্তিগত নয়, এটি ভারতের কূটনৈতিক সাফল্যেরও প্রতিচ্ছবি। আন্তর্জাতিক মহলে ভারতের গ্রহণযোগ্যতা ও প্রভাব যে ক্রমাগত বাড়ছে, তা আরও একবার প্রমাণিত হল।



