কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা, মোদি-বাইডেন বৈঠকে ‘কপাল’ খুলল বাংলার!

মোদি ও বাইডেন উভয়ই কলকাতায় 'গ্লোবাল ফাউন্ডারিজ'-এর একটি কারখানা তৈরীর বিষয়ে সহমত হয়েছেন। এই কারখানাটির নাম হবে 'জিএফ কলকাতা পাওয়ার সেন্টার'।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তিনদিনের জন্য মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের আমেরিকা সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। একদিকে যেরকম যোগ দেবেন কোয়াড সামিটে, সেরকমই বৈঠক করবেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এরপর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভাষণ দেবেন এবং শেষমেষ প্রবাসী ভারতীয়দের সঙ্গে একটি আলাপচারিতা রয়েছে প্রধানমন্ত্রীর।

পূর্ব ঘোষণা অনুযায়ী, কোয়াড সামিটে যোগদানের আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই বৈঠক থেকে জানা গেল, কলকাতায় এবার তৈরি হতে পারে একটি সেমিকন্ডাক্টর কারখানা। রবিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতি জারি করে এ বিষয়ে জানানো হয়েছে। এই কারখানা তৈরি হলে ভারত ও আমেরিকা দুই দেশেরই কর্মসংস্থান তৈরি হবে। সূত্রের খবর, মোদি ও বাইডেন উভয়ই কলকাতায় নিউ ইয়র্কের বহুজাতিক সংস্থা ‘গ্লোবাল ফাউন্ডারিজ’-এর একটি কারখানা তৈরীর বিষয়ে সহমত হয়েছেন। এই কারখানাটির নাম হবে ‘জিএফ কলকাতা পাওয়ার সেন্টার’।

সেমিকন্ডাক্টর কারখানা আসলে কি? সেমিকন্ডাক্টর হল এমন একটি বস্তু যা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে তড়িদবাহী হতে পারে। বিভিন্ন ধরনের বৈদ্যুতিন যন্ত্রপাতিতে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। কলকাতার এই কারখানাতে সম্ভবত ইনফ্রারেড, গ্যালিয়াম নাইট্রাইড এবং সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর তৈরি হবে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারি করা বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় নিরাপত্তা, টেলিযোগাযোগ ও দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে একটি অত্যাধুনিক সেন্সিং এবং যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে নরেন্দ্র মোদি ও জো বাইডেনের মধ্যে কথা হয়েছে। আর সেই প্রসঙ্গেই উঠে আসে সেমিকন্ডাক্টর তৈরির কথা।

বিশ্বের দুই প্রান্তে এখন যুদ্ধ পরিস্থিতি। একদিকে যেরকম চলছে রাশিয়া-ইউক্রেন টানাপোড়েন। ঠিক সেরকমই ইসরাইল ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ চলছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমাগত বেড়ে চলেছে চিনা আগ্রাসন। বিশ্বের এই টালমাটাল পরিস্থিতিতে নরেন্দ্র মোদির আমেরিকা সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তাছাড়া চলতি বছরের শেষে আমেরিকায় ভোট রয়েছে। ক্ষমতায় রদবদলও আসতে পারে। এমতাবস্থায় মোদি আমেরিকায় গেলেন।

সূত্রের খবর, ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন মুলুকে থাকবেন প্রধানমন্ত্রী। তিনি ষষ্ঠ কোয়াড সামিটে অংশ নেবেন। এরপর ২২ সেপ্টেম্বর, আমেরিকায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে একটি ভাষণ রাখবেন। শেষ দিন অর্থাৎ ২৩ তারিখ নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় বক্তব্য রাখার কথা রয়েছে নরেন্দ্র মোদির। এই বৈঠকটির নাম ‘সামিট অফ দা ফিউচার’। মোদিকে স্বাগত জানাতে তৈরি নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ ভেটেরানস মেমোরিয়াল কলিজিয়াম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন