আগামী ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই উপলক্ষে আজ, শনিবার বাগদায় বিজেপির হয়ে প্রচারে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে প্রশাসনের অনুমতি না মেলায় তাঁর সভাস্থল পরিবর্তন করা হয়েছে। পাথুরিয়ায় পরিবর্তে সিন্দ্রাণীতে পথসভা করবেন শুভেন্দু।
একুশের বিধানসভা নির্বাচনে বাগদা আসনে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু, পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন জয়ী প্রার্থী বিশ্বজিৎ দাস। তাকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বনগাঁ থেকে প্রার্থী করে ঘাসফুল শিবির। তিনি হেরে যান বিজেপির শান্তনু ঠাকুরের কাছে। এবার এই কেন্দ্রে বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। অন্যদিকে, তৃণমূলের প্রার্থী রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর।

লোকসভা নির্বাচনে নিরিখে বাগদা বিধানসভায় ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। তবে এবারের তাঁদের প্রার্থী বিনয় বিশ্বাস মতুয়া হলেও তাঁর সঙ্গে ঠাকুরবাড়ির সরাসরি কোন সম্পর্ক নেই। অন্যদিকে মধুপর্ণা একেবারে ঠাকুরবাড়ির মেয়ে। ফলে মতুয়া ভোটকে হাতিয়ার করে বাগদা পুনরুদ্ধার করতে মরিয়া তৃণমূল।
আজ বাগদায় উপনির্বাচনের প্রচারে শুভেন্দু, প্রশাসনের অনুমতি না থাকায় পরিবর্তিত সভাস্থল

তবে বিজেপির দুবারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বাগদা উপনির্বাচন জেতার বিষয় যথেষ্ট আশাবাদী। এবার বিনয় বিশ্বাসের সমর্থনে সেখানে সভা করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রথমে পাথুরিয়ায় সভা করার কথা থাকলেও প্রশাসন বিজেপিকে সেই অনুমতি দেয়নি। সভার প্রস্তুতির কাজ শুরু হয়ে গেলেও তা বন্ধের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।



