নজরবন্দি ব্যুরো: মোদি পদবী অবমাননা মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দু’বছরের জেলের সাজা দেন গুজরাত হাইকোর্টের বিচারপতি হেমন্ত কুমার প্রচ্ছক। এ বার রাহুলের সাজা বহাল রাখা হেমন্ত প্রচ্ছককে গুজরাত থেকে পাটনায় বদলি করার সিধান্ত নিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়াম।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ‘অপরাধমূলক অবমাননা’ মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে মুক্ত হয়েছেন রাহুল গান্ধী। ফিরে পেয়েছেন খোয়ানো সাংসদ পদ। হাতে এসেছে হারানো বাংলোও। বাদল অধিবেশনে বক্তৃতা করেছেন ওয়ানেড়ের সাংসদ। আবার বিজেপির মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘উড়ন্ত চুম্বন’ ছুঁড়ে দেওয়ার অভিযোগে অভিযুক্তও হয়েছেন! বিগত বেশ কয়েকদিন ধরে প্রবলভাবে শিরোনামে থকা রাহুল গান্ধীর সাজা বহাল রাখা হেমন্ত কুমার প্রচ্ছককে বদলি করে দিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

বিচারপতি হেমন্ত প্রচ্ছকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ এনেছে কংগ্রেস। বিরোধীদের দাবি, বিজেপি ঘনিষ্ঠতার পুরস্কারও পেয়েছেন বিচারপতি হেমন্ত প্রচ্ছক। ২০১৫ সাল পর্যন্ত গুজরাট হাই কোর্টের প্লিডার হিসাবে কাজ করতেন তিনি। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁকে গুজরাট হাইকোর্টে সরকারি আইনজীবী হিসাবে নিযুক্ত করা হয়। এরপরই বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয় তাঁকে।





