নজরবন্দি ব্যুরোঃ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ইতিহাস গড়ে চাঁদের উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান-৩। শুক্রবার দুপুর ২টো ৩৫ মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান-৩। সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড এলভিএম-৩ (LVM3) রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-৩-কে।
আরও পড়ুনঃ ভোট হিংসার বলি আরও ১! ভোর রাতে NRS এ মৃত্যু এক তৃণমূল কর্মীর
ইসরোর এই চন্দ্রযাত্রার কেন্দ্রে রয়েছে এলভিএম-৩ রকেট। যা চন্দ্রযানটিকে শক্তি জোগাবে এবং পৃথিবীর কক্ষপথের বাইরে ঠেলে দেবে। এলভিএম-৩ হল একটি ত্রিস্তরীয় উৎক্ষেপণ যান। এর আগে একাধিক কৃত্রিম উপগ্রহ এবং চন্দ্রযাত্রায় এই এলভিএম-৩ ব্যবহৃত হয়েছে।

এর মধ্যে দু’টি স্তরে কঠিন জ্বালানি এবং একটি স্তরে তরল জ্বালানি রয়েছে। কঠিন জ্বালানি ১২৭ সেকেন্ড ধরে জ্বলে। উৎক্ষেপণের ১০৮ সেকেন্ডের মধ্যে জ্বলতে শুরু করে তরল জ্বালানি। তা ২০৩ সেকেন্ড ধরে রকেটটি চালনা করে। এ যাত্রা সফল হলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে চতুর্থ দেশ হিসেবে কৃতিত্ব অর্জন করবে ভারত।

২০১৯ সালে ইসরায়েল এবং ভারতের মিশনগুলো ক্র্যাশ-ল্যান্ড করে। পরে জাপান থেকে একটি ল্যান্ডার-রোভার বহনকারী মহাকাশযানও চাঁদের মাটি ছুঁতে পারেনি। ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের একটি রোভার অবতরণে ব্যর্থ হওয়ার পর চতুর্থ দেশের তকমা এখনো খালি পড়ে আছে।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা, চাঁদের উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান-৩, কোথায় দেখবেন লাইভ?

এই উৎক্ষেপণ দেখা যাবে এই লিঙ্কে https://www.youtube.com/watch?v=q2ueCg9bvvQ , এছাড়াও দূরদর্শনে দেখা যাবে উৎক্ষেপণের লাইভ ভিডিয়ো।



