নজরবন্দি ব্যুরো: গতকালের পর বুধবার সকাল থেকেই ফের উত্তপ্ত ভাঙড়। ১৪৪ ধারা উপেক্ষা করেই লাঠি হাতে বিডিও অফিসের সামনে জড়ো হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। আইএসএফকে মনোনয়ন জমা দিতে না দেওয়ার প্রচেষ্টা চলছে। এখানেই শেষ নয়, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকেরা।
আরও পড়ুন: মনোনয়নেই অগ্নিগর্ভ ভাঙড়, নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ ISF
মঙ্গলবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। বোমাবাজি হয়, কয়েক রাউন্ড গুলিও চলে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আরাবুল ইসলামের ছেলের গাড়িতে বোমা মিলেছে। তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ এনেছে আইএসএফ। গতকালের পর ফের বুধবার অশান্তির চেহারা নিল ভাঙড়। লাঠি হাতে বিডিও অফিসের সামনে জমায়েত করে তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, আইএসএফকে মনোনয়ন জমা দিতে দেওয়া হবে না।

তৃণমূল কর্মী সমর্থকদের নিশানায় উঠে আসে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, “নওশাদ তাণ্ডব করেছেন পীর হয়েও। আমরা বসে থাকব না। নওশাদ সিদ্দিকির পিঠের চামড়া তুলে নেব আজ।” আরও বলা হয়, “নওশাদের লোকেরা গতকাল অশান্তি করেছে। আজ আর তাঁদের মনোনয়ন পেশ করতে দেওয়া হবে না।” সব মিলিয়ে ফের অগ্নিগর্ভ এলাকা। তবে স্থানীয় এক তৃণমূল নেতার দাবি, শান্তিপূর্ণভাবেই মনোনয়নের কাজ চলছে।

উল্লেখ্য, ভাঙড়ের অশান্তির পর বুধবার নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে আইএসএফ। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হবে বলে খবর। আজ সকাল থেকেই ভাঙড়ের অর্ধেক দোকান বন্ধ। ঘটনাস্থল ভাঙর ২ নম্বর ব্লকের সামনে রয়েছে পুলিশ পিকেটিং। আজও মনোনয়ন জমা দেওয়ার কাজ চলবে। তবে শাসক দল বা বিরোধী দল- কোনও পক্ষ থেকেই যাতে অশান্তির সৃষ্টি না হয় সেদিকে নজর রাখবে প্রশাসন।
ফের উত্তপ্ত ভাঙর, তৃণমূলের নিশানায় বিধায়ক নওশাদ সিদ্দিকি




