নজরবন্দি ব্যুরোঃ বড় সড় অগ্নিপরীক্ষার মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অনেক জটিলতা পেরিয়ে ২০১৭র পর প্রাথমিক টেট পরীক্ষার মুখ দেখল রাজ্যবাসী। পরীক্ষার খুঁটিনাটি নখ দর্পনে রাখতে যে পর্ষদ কতটা তৎপর তা আজকেই স্পষ্ট হয়ে যাচ্ছে এই ছবিতে। সারি বেঁধে সাজানো কম্পিউটার থেকে চোখ সরাচ্ছেন না পর্ষদের দায়িত্বপ্রাপ্তরা। এই প্রথম একটি কন্ট্রোল রুম খুলে নিরাপত্তা সুনিশ্চিত করার কথা ভেবেছে পর্ষদ।
প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার বলেন,“আমাদের পরীক্ষার ১৪৬০টি যে সেন্টার আছে, এই কন্ট্রোল রুম থেকে তারই বেশ কিছু সেন্টারের লাইভ ছবি দেখতে পাচ্ছি। প্রবেশ-প্রস্থানের পথ থেকে পরীক্ষা পদ্ধতি শুরু হওয়ার সমস্ত বিষয়ই ধরা পড়বে এই কন্ট্রোল রুমে। যদি কোনও সমস্যা হয়, আমাদের জেলার কোঅর্ডিনেশন কমিটি যোগাযোগ করবে।”

পর্ষদ সভাপতি গৌতম পাল চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন শনিবার রাতেই। তিনি জানান কেউ বা কারা শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা নিতে দিচ্ছে না। তাঁরা কোন না কোনভাবে পর্ষদের কাজে বিঘ্ন ঘটাচ্ছে। কেউ যদি এমন চেষ্টা করে তবে পর্ষদ তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এটা জানিয়ে দেন।
স্কুল গুলিতে মাছিও গলবে না, কন্ট্রোল রুম থেকে কড়া নজরদারি চলছে পর্ষদের

ইতিমধ্যে একটি ডেস্কটপে চারটি করে উইন্ডো খুলে চলছে নজরদারি। একটি মাছিও যাতে গলতে না পারে সে ব্যবস্থা করছে পর্ষদ। এখনও কোন বিঘ্ন ঘটেনি। তবে বিগত বছরের তিক্ত পরিনতি কাটাতেই কড়া ব্যবস্থা বলে জানাচ্ছে পর্ষদ কর্তারা।



