নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ বছর পর টাকা ফেরত পাবেন আমানতকারীরা! কলকাতা হাইকোর্টের নির্দেশে তেমনটাই আশা মিলছে। শ্যামল কমিশন বন্ধ হওয়ার পর সারদার মামলা অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের কমিটির হাতে পাঠাল কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ Roddur Roy: অবশেষে সব মামলাতে জামিন পেলেন বিতর্কিত ইউটিউবার রোদ্দূর রায়
সেইসঙ্গে ইডি, সিবিআই সহ রাজ্যের তদন্তকারীদের হাতে যে সমস্ত সম্পত্তি তা তালুকদার কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। ডিভিশন বেঞ্চের নির্দেশ, যে সমস্ত সম্পত্তি এখন বিভিন্ন সংস্থার হাতে রয়েছে, তা সেবির মাধ্যমে বিক্রি করে দেওয়া হবে। এরপরেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হতে পারে।

এর আগে সারদার ৫০০ কোটি টাকা তহবিল গড়ার ঘোষণা করেছিল রাজ্য। শ্যামল সেনের কমিশনের কাছে রাজ্য ২৮৭ কোটি টাকা দিয়েছিল। সোমবার আদালতের কাছে আমানতকারীদের আইনজীবী শুভাশীষ চক্রবর্তী হাই কোর্টকে জানিয়েছেন, ওই তহবিলে ১৪০ কোটি টাকা এখনও পড়ে রয়েছে। তাঁদের বক্তব্য, রাজ্য অন্য সংস্থার সঙ্গে তালুকদার কমিটির হাতে সেই টাকা তুলে দিক।
টাকা ফেরত পাবেন আমানতকারীরা, আশার আলো জাগালো হাই কোর্ট

সারদা কেলেঙ্কারিতে চলতি বছরে এপ্রিল মাসেই পদক্ষেপ নিয়েছিল সেবি। সাতটি গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করা হয়েছে বলে জানায় সেবি। সাতটি সম্পত্তি বিক্রি করে মোট ১ কোটি ৩৩ লক্ষের টাকার অধিক টাকা পাওয়া গেছে। এবার আদালতের হস্তক্ষেপে আশার আলো দেখছেন আমানতকারীরা।



