নজরবন্দি ব্যুরো : নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে, ডায়মন্ড হারবারে কর্মসূচীতে যাওয়ার পথে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচী বিজেপির। এদিন সকালে ডায়মন্ডহারবারে যাওয়ার পথে, থমকায় নাড্ডার কনভয়। এদিন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের কনভয়তেও হামলা চালায় দুস্কৃতীরা।
আরও পড়ুনঃ ‘নাড্ডার কনভয়ে কোনও হামলা হয়নি’, দাবি রাজ্য পুলিশের
আর এই ঘটনার প্রতিবাদে আজ বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত রাজ্যজুড়ে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন রাজ্যের যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ। এদিন ডায়মন্ড হারবারে যাওয়ার পথে জায়গায় জায়গায় অবরোধ করা হয় রাস্তা। ইট ছোঁড়া হয় গাড়ির কাঁচে। এমনকি লাঠি দিয়েও তাদেকে আক্রমণ করার অভিযোগ উঠেছে বলে দাবি বিজেপি নেতৃত্বদের।
হামলার ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আইনকানুন নেই। এইভাবে সরকার চলছে। পুলিশের সামনেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের একাধিক নেতার চোট লেগেছে। ২০২১ সালে তৃণমূল সরকার ভেঙে দেব”। কৈলাশ বিজয়বর্গীয় বলেন, ‘‘পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। টার্গেট করে হামলা চালানো হয়েছে। পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে। বাংলার মানুষ এর জবাব দেবে’’।
নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে, এর আগে,নাড্ডার পুলিশি নিরাপত্তায় গাফিলতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির চিঠির পরই পদক্ষেপ কেন্দ্রের। রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও ডিজির থেকে রিপোর্ট তলব করা হয়েছে বলে সূত্রের খবর। অমিত শাহকে লেখা চিঠিতে দিলীপ উল্লেখ করে লিখেছেন, “পুলিশি নিরাপত্তায় গাফিলতি ছিল। বলতে গেলে, সেভাবে পুলিশ ছিলই না। লাঠি-বাঁশ নিয়ে ২০০ জন দুষ্কৃতী এসেছিল হেস্টিংসের কার্যালয়ে। বিক্ষোভকারীদের সরানোর বা আটকানোর চেষ্টা করা হয়নি”।



