নজরবন্দি ব্যুরোঃ লক্ষ্য টিজিটি স্কেল, বিজিটিএ কে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলো পে কমিশন। গ্র্যাজুয়েট টিচার্স দের সংগঠন বিজিটিএ এর করা মামলায় পে কমিশন, রোপা পার্ট ২ র রিপোর্টে স্পষ্ট জানিয়ে দিলো, এ রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষক দের বেতন বঞ্চনা নিরসনের সম্পূর্ণ দায় ও দায়িত্ব রাজ্য সরকারের। এহেন খবর আসার পর আশায় বুক বেঁধেছেন হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা।
আরও পড়ুনঃ পুলিশ নয়, শটগানের গুলিতে মৃত্যু বিজেপি কর্মীর। তদন্তভার সিআইডিকে!
এ প্রসঙ্গে বিজিটিএ রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল বলেন,” আমাদের দাবি মেটাতে পারে যৌথ ভাবে রাজ্যের শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তর। প্রমাণিত হলো,’Truth exposes itself’.। রাজ্য সরকার এবং পে কমিশন অযথা কোর্টকে ভুল পথে পরিচালিত করে বিচার ব্যবস্থার সময় নষ্ট করেছে। এবার আশা করছি আদালত তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেবে।।” রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য জানান,” আজ আদালতে পে কমিশন বলেছেন, কোন পদের কোন বেতন কাঠামো হবে সেটা নির্ধারণ করার দায়িত্ব রাজ্য সরকারের।
এখন ২২শে জুলাই এর রায়কে কার্যকর করার দায় বর্তালো রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের এবং অর্থ দপ্তরের। যেটা আমরা শুরু থেকেই চাইছি। মাঝখানের সেফটি ভালভ হিসেবে রাজ্য সরকার এতদিন পে কমিশনকে রেখে আদতে সময় নষ্ট করার নোংরা খেলা খেলে গেল এবং এ রাজ্যের লক্ষাধিক গ্র্যাজুয়েট শিক্ষক ও তাদের পরিবারের কাছে এই সরকারকে নিতান্তই ছোটো ও খেলো করে দিলো।”
রাজ্য সহ সভাপতি সতীশ চন্দ্র মাহাতো বলেন,” আল্টিমেটলি লাভ আমাদেরই হলো। আমরা তো শুরু থেকেই বলে এসেছিলাম যে দায় রাজ্য সরকারের। এখন সরকারেরই অংশ পে কমিশন ঘুরিয়ে আমাদের কথারই মান্যতা দিয়ে দিলো। ফলে লড়াইয়ে দেরি হলো ঠিকই, তবে আমরা জয়ের ব্যাপারে নিশ্চিত হলাম।”
রাজ্য সহ সম্পাদক প্রতাপ মন্ডল বলেন,”এখন আইনজীবীর মাধ্যমে এই দাবিটাই আদালতে প্রতিষ্ঠা করে দ্রুত রায় কার্যকর করতে হবে এবং সরকারের বিরুদ্ধে অতি সত্বর তীব্র আন্দোলন গড়ে তুলে,গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতন বঞ্চনা নিরসনের দায় ও দায়িত্ব সরকারকে নিতে বাধ্য করাতে হবে।



