নজরবন্দি ব্যুরোঃ ডেল্টা, ডেল্টা প্লাস, ওমিক্রনের মতো করোনা ভ্যারিয়েন্টের আক্রমণের মুখে পড়েছে রাজ্যবাসী। সেই ত্রাস কাটিয়ে বর্তমানে রাজ্যের সংক্রমণ বেশ খানিকটা নিম্নমুখী। দৈনিক মৃতের সংখ্যাও আয়ত্তে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন কোভিড চিরতরে চলে যাবেনা এই পৃথিবী থেকে।
আরও পড়ুনঃ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, কবে নামবে কালবৈশাখী, কি বলছে হাওয়া অফিস?
তাই সেই কথার মান্যতা দিয়েই এবার কেন্দ্রীয় সরকারের ‘ইসিআরপি-২ ফান্ড ম্যানেজমেন্ট অব কোভিড-১৯ পেশেন্ট’-এর আর্থিক সহায়তায় রাজ্য জুড়ে ১৩৩টি হাসপাতালে স্থায়ী কোভিড ওয়ার্ড গড়তে প্রায় ৩০৭ কোটি ৭৬ লক্ষ টাকা খরচ করছে রাজ্যের স্বাস্থ্য দফতর। গত বৃহস্পতিবার ন্যাশনাল হেলথ মিশনের রাজ্যের প্রোগ্রাম অফিসার এ বিষয়ে জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়েছেন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই স্থায়ী হাসপাতালগুলি মূলত জেলায় জেলায় তৈরি হচ্ছে। এর মধ্যে একশো বেডের ১৬টা হাসপাতালের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের একটা করে স্থায়ী হাসপাতাল হবে। হুগলি ও পূর্ব মেদিনীপুরে ২টো, পূর্ব বর্ধমানে ৩টে হাসপাতাল হচ্ছে ১০০ বেডের।

এবার করোনার জন্য স্থায়ী হাসপাতাল তৈরির সিদ্ধান্ত রাজ্যের
এ ছাড়া রাজ্যের ৪টি হাসপাতাল ৫০ শয্যার কোভিড ওয়ার্ড করা হবে। কোচবিহার, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৫০ শয্যার স্থায়ী কোভিড ইউনিট গড়া হচ্ছে। এ ছাড়া রাজ্যের ১১৩টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা গ্রামীণ হাসপাতালে ২০ শয্যার স্থায়ী কোভিড ওয়ার্ড করা হবে। মুর্শিদাবাদে ৯ টি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও গ্রামীণ হাসপাতালে ২০ শয্যার স্থায়ী কোভিড ইউনিট গড়া হবে।



