দুর্গাপুজো আসন্ন। হাতে আর সময় বলতে কুড়ি দিন। উৎসবে মাতবে বাঙালি আর একটু পাতপেড়ে ইলিশ খাবে না! তা কি হয়? দুর্গাপুজোর আগে এবার সুখবর দিল বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে ৩ হাজার টন পদ্মার ইলিশ এ রাজ্যে আসতে চলেছে বলে জানাল মহম্মদ ইউনূসের সরকার।
উৎসবের জন্য প্রত্যেক বছর ১০ সেপ্টেম্বরের মধ্যে এপার বাংলায় পদ্মার ইলিশ চলে আসে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অশান্ত থাকার কারণে এবার পদ্মার ইলিশে আকাল দেখা গিয়েছিল। এমনকি দুর্গাপুজোয় যে ওপার বাংলা থেকে ইলিশ আসবে, এমন আশাও ছেড়ে দিয়েছিলেন অনেকে। কিন্তু অবশেষে জানা যাচ্ছে, ইলিশ আসছে, আর একটু-আধটু নয়, একেবারে ৩ হাজার টন!


কিন্তু ইলিশের দাম কত হতে পারে? শনিবার ঢাকায় এক কেজির বেশি ইলিশের দাম ছিল বাংলাদেশী মুদ্রায় ১৭০০ টাকা প্রতি কেজি। এই দামটা স্বাভাবিক সময় ১৭০০ থেকে ২২০০ টাকার মধ্যেই ঘোরাফেরা করে। সেই মাছ যখন এপার বাজারে আসবে, তখন প্রতি কেজির দাম হতে পারে ভারতীয় মুদ্রায় ২২০০ টাকা থেকে ২৫০০ টাকা। অর্থাৎ প্রায় ৩০ শতাংশ দাম বৃদ্ধি পেতে পারে।
গত বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করেছিল। ভারতে সেবার এক কেজির কম ওজনের ইলিশ মাছের দাম ছিল প্রতি কেজি ৭০০ টাকা। এক কেজি বেশি ওজনের দাম ছিল কেজি প্রতি প্রায় ১২০০ টাকা। সেই হিসেবে এবার যে দামটা বাড়বে, সে বিষয়ে মৎস্য ব্যবসায়ীদের মধ্যে কোনও সন্দেহ নেই।
ভারতের মৎস্য আমদানি সংগঠনেরসম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, ‘‘মাছ আসছে নিশ্চিত। একটা জটিলতা তৈরি হয়েছিল। এখন সেই জটিলতা কেটে গিয়ে ইলিশ আসছে। আমরা খুশি। উৎসবের মরসুমে পদ্মার ইলিশ এ বঙ্গের বাঙালির পাতে পড়বে।’’









