২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগপত্র পাওয়া অনেকেই আজ চাকরিহারা।
শুধু গরমের ছুটির সময় নয়, সারা বছরই তাঁদের জীবন কাটছে অনিশ্চয়তা ও আন্দোলনের মধ্যে দিয়ে। আর সেই পরিপ্রেক্ষিতেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ মুখ খুললেন এবং শিক্ষকদের ভরসা রাখতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর।
তিনি জানিয়েছেন,”মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে নিজে বৈঠক করেছেন। তাই নেতিবাচক ধারণা নয়, বরং সরকারের উপর আস্থা রাখতে হবে।”


চাকরিচ্যুত শিক্ষকরা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বিচারপ্রার্থী হয়েছেন। তাঁরা বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করে পরামর্শ নিয়েছেন। তাঁদের প্রশ্ন, ডিসেম্বরের পর তাঁদের চাকরির কী হবে?
শিক্ষামন্ত্রী বলেন,“রিভিউ পিটিশনের ফলাফল না আসা পর্যন্ত কেউ বলতে পারে না কী হবে। পরীক্ষা বাতিল চাওয়া কতটা যুক্তিযুক্ত? আমরা শেষ বিন্দু পর্যন্ত আইনি লড়াই করব।” চাকরিচ্যুত শিক্ষকরা এখন আশায় বুক বাঁধছেন, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে হয়তো তাঁদের চাকরি ফিরে পাওয়ার পথ সুগম হবে।









