জন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন মহিলা সাংবাদিকদের যৌন হেনস্থার অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যেই দিল্লি পুলিশের এসিপি বিবেক ভগতকে অতিরিক্ত ডেপুটি কমিশনার (Additional DCP) পদে দায়িত্ব দেওয়ার নির্দেশ ঘিরে প্রশ্ন উঠেছিল। সোমবার ১২ জন DANIPS আধিকারিকের সঙ্গে তাঁর নামও ছিল সেই তালিকায়। পুলিশের তরফে বলা হয়েছিল, এটি কোনও বিশেষ সুবিধা নয়, রুটিন প্রশাসনিক প্রক্রিয়ার অংশ এবং এই পদে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া অভিযোগ ওঠার আগেই শুরু হয়েছিল।
তবে মঙ্গলবার সকালে পরিস্থিতিতে নতুন মোড় এসেছে। দিল্লি সরকার জানিয়েছে, বিবেক ভগত নিজেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নতুন দায়িত্ব নিতে চান না। এরপর তাঁর Additional DCP-এর Current Duty Charge (CDC) স্থগিত করা হয়েছে। বাকি আধিকারিকদের ক্ষেত্রে আগের নির্দেশ বহাল থাকবে।
৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ কর্মসূচি হয়। ওই বিক্ষোভের খবর করতে গিয়ে তিন মহিলা সাংবাদিক দিল্লি পুলিশের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন।
অভিযোগকারীদের মধ্যে এক জনের অভিযোগে এসিপি বিবেক ভগতের নামও উঠে আসে। তাঁর দাবি, বিক্ষোভকারীদের আটক করার সময় ঘটনাস্থলে মহিলা পুলিশকর্মীর উপস্থিতি নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন। সেই সময় বিবেক ভগত তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এবং তাঁকে পিছনের দিকে ঠেলে দেন বলে অভিযোগ করেন ওই সাংবাদিক। অভিযোগগুলি অবশ্য তদন্তাধীন এবং এখনও কোনও আদালত বা তদন্তকারী সংস্থা অভিযোগগুলিকে প্রমাণিত বলে ঘোষণা করেনি।
দিল্লি পুলিশ জানিয়েছে, তিন মহিলা সাংবাদিকের অভিযোগই তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে এবং ঘটনার বিষয়ে ভিডিয়ো প্রমাণ থাকলে তা জমা দেওয়ার আবেদন জানিয়েছে।
অভিযোগের তদন্ত যখন ক্রাইম ব্রাঞ্চের হাতে, সেই সময়ই সোমবার ১২ জন DANIPS আধিকারিককে Additional DCP-এর দায়িত্ব দেওয়ার নির্দেশ জারি হয়। তালিকায় ছিলেন বিবেক ভগতও। তিনি ২০১৮ ব্যাচের DANIPS আধিকারিক এবং তখন কনট প্লেসের ACP পদে কর্মরত ছিলেন।
পুলিশের বক্তব্য, এই পদোন্নতি বা দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া অভিযোগ ওঠার আগেই শুরু হয়েছিল। দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিকের বক্তব্য অনুযায়ী, এর জন্য প্রস্তাব আগেই পাঠানো হয়েছিল। ফলে সাম্প্রতিক অভিযোগের সঙ্গে এই প্রশাসনিক সিদ্ধান্তের কোনও যোগ নেই বলেই পুলিশের তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছিল।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি নিয়মিত Additional DCP পদে স্থায়ী পদোন্নতি নয়। প্রকাশিত আদেশ অনুযায়ী, আধিকারিকদের Current Duty Charge দেওয়া হয়েছিল এবং এই ব্যবস্থা নিয়মিত নিয়োগ না হওয়া পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। এই দায়িত্বের সঙ্গে Additional DCP পদের অতিরিক্ত বেতন-ভাতা বা নতুন সিনিয়রিটি পাওয়ার বিষয়ও যুক্ত ছিল না।
অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট মহিলা সাংবাদিকরা থানায় অভিযোগ জানান। তাঁদের অভিযোগের ভিত্তিতে FIR কেন দায়ের করা হয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের একাংশ দ্রুত FIR দায়েরের দাবি জানিয়েছে।
দিল্লি পুলিশের বক্তব্য, অভিযোগগুলি ‘ন্যায্য ও নিরপেক্ষ তদন্তের’ জন্য ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে। ফলে বিষয়টি এখন তদন্তাধীন। অভিযোগকারীদের বক্তব্য, FIR দায়ের না করে শুধু অভ্যন্তরীণ তদন্তে পাঠানো যথেষ্ট নয়। এই দুই অবস্থানের মধ্যে টানাপোড়েনেই বিতর্ক আরও বাড়ে।
ঘটনাকে কেন্দ্র করে পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরেও বিক্ষোভ হয়েছে। সেখানে অভিযোগকারী সাংবাদিকদের পক্ষে FIR দায়েরের দাবি ওঠে। বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে।
সোমবার Additional DCP-এর দায়িত্ব দেওয়ার নির্দেশ জারি হলেও মঙ্গলবার সকালে দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, বিবেক ভগতের CDC আপাতত স্থগিত রাখা হচ্ছে। সরকারের বক্তব্য অনুযায়ী, ভগত নিজেই পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নতুন দায়িত্ব নিতে চান না। সেই আবেদনের পরই তাঁর ক্ষেত্রে আগের নির্দেশ সংশোধন করা হয়েছে।
অর্থাৎ, বর্তমানে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলাকালীন তিনি Additional DCP-এর নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন না। ক্রাইম ব্রাঞ্চের তদন্তে অভিযোগগুলির বিষয়ে কী উঠে আসে, এখন সেদিকেই নজর রয়েছে।
এদিকে, দিল্লি পুলিশ মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও অস্বীকার করেছে। পুলিশের দাবি, মহিলা বিক্ষোভকারীদের মহিলা পুলিশকর্মীদের মাধ্যমেই সামলানো হয়েছিল এবং তাঁদের মর্যাদা ও আইনি প্রক্রিয়া মেনেই আটক ও মুক্তির ব্যবস্থা করা হয়েছে।



